২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সার শিরোপায় কম কষ্ট আতলেতিকোর!

রিয়াল মাদ্রিদের বদলে বার্সেলোনা লা লিগার শিরোপা জেতায় খুশি আতলেতিকো মাদ্রিদের দিয়েগো গদিন। নগর প্রতিপক্ষ শিরোপা জিতলে তা বেশি কষ্টদায়ক হতো বলে জানান উরুগুয়ের এই ডিফেন্ডার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2016, 06:20 PM

Updated : 12 Apr 2022, 02:04 AM

রিয়ালের চেয়ে এক পয়েন্ট এগিয়ে থেকে গত শনিবার শেষ রাউন্ডের ম্যাচটি খেলতে নামা বার্সেলোনা গ্রানাদাকে হারিয়ে শিরোপা ধরে রাখার আনন্দে ভাসে। গত ৮ মে লেভান্তের কাছে ২-১ গোলে হেরে শিরোপা লড়াই থেকে ছিটকে পড়া আতলেতিকো তৃতীয় স্থানে থেকে লিগ শেষ করে।

আতলেতিকোর উরুগুয়ের ডিফেন্ডার গদিন বলেন, “বার্সেলোনার লিগ জয় কম কষ্ট দেয়। কারণ, রিয়াল মাদ্রিদ আমাদের নগর প্রতিদ্বন্দ্বী। আমি তাদের ঘৃণা করি না অথবা অন্য কিছুও নয়। রিয়াল মাদ্রিদের প্রতি অনেক শ্রদ্ধা আছে আমার। কিন্তু আমি সব সময় তাদের হারাতে চাই।”

আগামী ২৮ মে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আতলেতিকো মুখোমুখি হবে রিয়ালের। ২০১৪ সালে লিসবনের ফাইনালে রিয়ালের কাছে ৪-১ গোলে হেরেই প্রতিযোগিতাটিতে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন ভাঙে আতলেতিকোর।

গদিন বলেন, “লিসবন ম্যাচ থেকে আমরা অনেক অভিজ্ঞতা নিয়েছি। আমরা জানি, রিয়াল মাদ্রিদের বিপক্ষে আমাদের কিভাবে খেলতে হবে এবং ম্যাচটির আগে আমরা ইতিবাচক আছি।”

“আমরা খুব ট্যাকটিক্যাল ও শারীরিক ফুটবলের ম্যাচ খেলব। আর আমি মনে করি, এটা খুব সূক্ষ্ণ বিষয় দিয়ে নির্ধারণ হবে। খুব ভালো শারীরিক অবস্থা নিয়ে ফাইনালে যাচ্ছে দল। … আমরা জানি, বার্সা আর বায়ার্নকে ছিটকে ফেলার পর মানুষ আমাদেরই ফেভারিট বলছে। কিন্তু মাদ্রিদের সঙ্গে ম্যাচ সব সময়ই পঞ্চাশ-পঞ্চাশ।”