২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরোপের সেরা গোলদাতা সুয়ারেস

দুর্দান্ত একটি মৌসুম কাটানো লুইস সুয়ারেস পিচিচি ট্রফি জয়ের পাশাপাশি ইউরোপিয়ান গোল্ডেন সু জিতে নিয়েছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2016, 03:38 PM

Updated : 11 Oct 2022, 08:15 PM

পুরনো খবর:

মেসি-রোনালদোকে সরিয়ে গোলের রাজা সুয়ারেস

প্রথমবারের মতো লা লিগার সেরা গোলদাতার পুরস্কার পিচিচি ট্রফি ও দ্বিতীয়বারের মতো ইউরোপের লিগগুলোয় সেরা গোলদাতার পুরস্কার ইউরোপিয়ান গোল্ডেন সু জিতলেন সুয়ারেস।

২০১৩-১৪ মৌসুমে লিভারপুলের হয়ে ৩১ গোল করে ক্রিস্তিয়ানো রোনালদোর সঙ্গে যৌথভাবে প্রথম গোল্ডেন সু জিতেছিলেন সুয়ারেস।

বার্সেলোনার লা লিগা শিরোপা ধরে রাখতে গুরুত্বপূর্ণ অবদান রাখা সুয়ারেস ৪০ গোলে করে সেরা গোলদাতার এই দুই পুরস্কার নিশ্চিত করেন।

বার্সেলোনার জার্সিতে দ্বিতীয় মৌসুমেই অসাধারণ এই কীর্তি গড়া সুয়ারেস পুরো মৌসুম জুড়েই প্রয়োজনীয় মুহূর্তে অবদান রাখেন। গত এপ্রিলে টানা তিন ম্যাচ হেরে কোণঠাসা হয়ে পড়া দলকে পথ দেখাতে সবচেয়ে বড় অবদান তার। শেষ পাঁচ ম্যাচে দলের ২৪ গোলের মধ্যে একাই ১৪টি করেন তিনি।

দুর্দান্ত এই পথচলায় মোট ছয়টি হ্যাটট্রিক করেন সুয়ারেস। এ মৌসুমে ইউরোপের শীর্ষ পাঁচটি লিগে অন্য কেউ তিনটির বেশি হ্যাটট্রিক করতে পারেননি।

লিওনেল মেসি ও রোনালদোর পর প্রথম খেলোয়াড় হিসেবে একই সঙ্গে পিচিচি ট্রফি ও ইউরোপীয়ান সু জয়ের অনন্য কীর্তি গড়লেন সুয়ারেস। স্পেনের শীর্ষ লিগের সেরা গোলদাতার তালিকায় দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড রোনালদো (৩৫) ও তৃতীয় স্থানে সুয়ারেসের সতীর্থ মেসি (২৬) আছেন।

ইউরোপে সব মিলিয়ে সুয়ারেসের পরে ৩৬ গোল করে দ্বিতীয় স্থানে আছেন নাপোলির স্ট্রাইকার গনসালো হিগুয়াইন। তারপরেই আছেন পর্তুগিজ ফরোয়ার্ড রোনালদো।

ইউরোপীয়ান গোল্ডেন সু ২০১৫-১৬

নাম

দল

লিগ

গোল

পয়েন্ট

লুইস সুয়ারেস

বার্সেলোনা

লা লিগা

৪০

৮০

গনসালো হিগুয়াইন

নাপোলি

সেরি আ

৩৬

৭২

ক্রিস্তিয়ানো রোনালদো

রিয়াল মাদ্রিদ

লা লিগা

৩৫

৭০

ইয়োনাস

বেনফিকা

প্রিমেইরা লিগ

৩১

৬২

রবের্ত লেভানদোভস্কি

বায়ার্ন মিউনিখ

বুন্দেসলিগা

৩০

৬০

জ্লাতান ইব্রাহিমোভিচ

পিএসজি

লিগ ওয়ান

৩৭

৫৫.৫

লিওনেল মেসি

বার্সেলোনা

লা লিগা

২৬

৫২