আমি রাজা, মেসি যুবরাজ: পেলে
বার্সেলোনার তারকা ফরোয়ার্ড লিওনেল মেসিকে এই সময়ের সেরা ফুটবলার মানলেও সবসময়ের সেরা হিসেবে নিজেকেই এগিয়ে রাখছেন পেলে। ব্রাজিলের এই ফুটবল কিংবদন্তির কাছে তিনি নিজে ফুটবলের ‘রাজা’ আর আর্জেন্টিনা অধিনায়ক ‘যুবরাজ’।
পেলের খেলোয়াড়ি জীবনে তাকে ‘রাজা’ বলে ডাকা হতো। ব্রাজিলের হয়ে তিনটি বিশ্বকাপ জেতা কিংবদন্তি এই ফুটবলার মনে করেন, তার সময়ে যেমন তিনি ফুটবলের জন্য গুরুত্বপূর্ণ ছিলেন, মেসিও ঠিক তেমনই গুরুত্বপূর্ণ।
স্পেনের একটি দৈনিককে পেলে বলেন, “আমি যদি রাজা হই, মেসি তাহলে গত ১৫ বছর ধরে যুবরাজ।”
মেসিকে আর্জেন্টিনার ইতিহাসেরও সেরা খেলোয়াড় মনে করেন না পেলে।
“আমি তাকে রাজা বলতে পারি না। কারণ, রাজা কেবল একজনই থাকে। আমার বিশ্বাস যে, আলফ্রেদো দি স্তেফানো আর্জেন্টিনার সবচেয়ে নিখুঁত খেলোয়াড় ছিলেন। তিনি (দিয়েগো) মারাদোনা আর মেসির চেয়ে বেশি নিখুঁত ছিলেন।”
“আমি আমার যুগে খেলতে পেরেছি বলে খুশি, এমনকি এটা যদি সত্যও হয় যে, এখন সব কিছু সহজ। দি স্তেফানোর মতো খেলোয়াড়রা এত বেশি পরিচিত নয় কারণ আমাদের পারফরম্যান্সের রেকর্ডিং অনেক কম।”
