একটুর জন্য পারলেন না সিদ্দিকুর
দুঃসময়ের বৃত্ত থেকে বেরিয়ে এসেছেন সিদ্দিকুর রহমান; তবে একটুর জন্য পারলেন না এশিয়ান ট্যুরের তৃতীয় শিরোপাটি জিততে। আফ্রোএশিয়া ব্যাংক মরিশাস ওপেনে শেষ পর্যন্ত এগিয়ে থেকেও দ্বিতীয় হয়েছেন বাংলাদেশের সেরা এই গলফার।
সব মিলিয়ে পারের চেয়ে ৫ শট কম খেলেন সিদ্দিকুর। প্রথম হওয়া দক্ষিণ কোরিয়ার জেউনগুন ওয়াং তার চেয়ে ১ শট কম খেলেন।
২০১০ সালে ব্রুনাই ওপেনে চ্যাম্পিয়ন হয়ে এশিয়ান ট্যুরের প্রথম শিরোপা জিতেছিলেন সিদ্দিকুর। তার দ্বিতীয় ট্রফিটি আসে ২০১৩ সালে হিরো ইন্ডিয়ান ওপেনে।
রোববার চতুর্থ রাউন্ডে ১৫তম হোলের পরও ওয়াংয়ের চেয়ে ৩ শট এগিয়ে ছিলেন সিদ্দিকুর। কিন্তু তিনি পরের হোলে ডাবল বগি আর ১৭তম হোলে বগি করায় স্কোর সমান হয়ে যায়। শেষ হোলে ওয়াং বার্ডি করলেও পারেননি সিদ্দিকুর করেন পার।
অ্যানাহিতার ফোর সিজনস গলফ ক্লাব কোর্সে রোববার পারের চেয়ে ২ শট বেশি খেলেন তৃতীয় রাউন্ড শেষে শীর্ষে থাকা সিদ্দিকুর। শেষ রাউন্ডে একেবারে শেষ হোলে পিছিয়ে পড়েন তিনি, হাতছাড়া করেন শিরোপা। ৩১ বছর বয়সী এই গলফার এদিন তিনটি বার্ডির পাশাপাশি তিনটি বগি করা ছাড়াও মারেন ম্যাচ প্রায় ঘুরিয়ে দেওয়া ১৬তম হোলের ডাবল বগিটি।
শুরুর ওই ব্যর্থতা পিছু ছাড়েনি ভারতে হওয়া সব শেষ হিরো ইন্ডিয়ান ওপেনেও। যে কোর্সে নিজের দ্বিতীয় শিরোপা জিতেছিলেন, সেই চেনা কোর্সে শেষ পর্যন্ত ৫৮তম হন তিনি।
মরিশাসে নোঙর ফেলার আগে জাপানের প্যানাসনিক ওপেনে ৭৪তম হন সিদ্দিকুর। মরিশাসে শিরোপা জিততে না পারলেও দারুণভাবে ফর্মে ফিরেছেন দেশ সেরা এই গলফার।
