নাপোলির জয়ের দিন হিগুয়াইনের রেকর্ড
সেরি আর শেষ রাউন্ডের ম্যাচে ফ্রোসিনোনেকে উড়িয়ে দিয়ে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে সরাসরি খেলার টিকিট পেয়েছে নাপোলি। দলকে জেতাতে অসাধারণ এক হ্যাটট্রিক করে ইতালির শীর্ষ লিগে এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন গনসালো হিগুয়াইন।
নিজেদের মাঠে গত শনিবার ফ্রোসিনোনেকে ৪-০ গোলে হারায় নাপোলি।
৪৪তম মিনিটে প্রথম গোলটি করেন স্লোভাকিয়ার মিডফিল্ডার মারেক হামসিক। এর পরই শুরু হয় হিগুয়াইন জাদু। আর্জেন্টিনার এই ফরোয়ার্ড তার প্রথম গোলটি করেন ৫২তম মিনিটে। ১০ মিনিট পর ব্যবধান ৩-০ করেন তিনি। এই গোলেই হিগুয়াইন ছুঁয়ে ফেলেন এসি মিলানের সাবেক স্ট্রাইকার সুইডেনের গুনার নরডালের সেরি আর এক মৌসুমে সর্বোচ্চ ৩৫ গোল করার ৬৬ বছরের পুরনো রেকর্ড।
আর্জেন্টিনার নবম খেলোয়াড় হিসেবে সেরি আর সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জেতা হিগুয়াইন এই রেকর্ড করতে খেলেন ৩৫টি ম্যাচ।
ম্যাচের আগে রেকর্ডের দিকে চোখ ছিল হিগুয়াইনের। পরিবারের সদস্য, নাপোলির সতীর্থ আর কোচিং স্টাফের সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “আমি জানতাম, এটা হয়ত করতে পারি। এর জন্য আমার শান্ত থাকার প্রয়োজন ছিল। প্রথমার্ধে আমি গোল করতে পারিনি। কিন্তু এর পর দল আমাকে এটা পেতে সাহায্য করেছে।”
এসি মিলানের মাঠ থেকে ৩-১ গোলের জয় নিয়ে ফেরা রোমা ৮০ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছে। প্রিলিমিনারি রাউন্ড খেলে চ্যাম্পিয়ন্স লিগে উঠতে হবে রাজধানীর দলটির।
শনিবার সাস্সুয়োলোর কাছে হারলেও ৬৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থেকে লিগ শেষ করা ইন্টার মিলান সরাসরি খেলবে ইউরোপা লিগে।
আগামী ২১ মে ইতালিয়ান কাপের ফাইনালে মুখোমুখি হবে ইউভেন্তুস আর এসি মিলান। ইউভেন্তুস জিতলে লিগের ষষ্ঠ দল হিসেবে ইউরোপার প্রিলিমিনারি রাউন্ডে খেলার সুযোগ পাবে সাস্সুয়েলো। আর মিলান জিতলে তারাই খেলবে ইউরোপার প্রিলিমিনারি রাউন্ডে।
