২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেকর্ড দিয়ে শেষ ইব্রার লিগ ওয়ান

চলতি মৌসুম শেষে নতুন ঠিকানায় পাড়ি জমাবেন জ্লাতান ইব্রাহিমোভিচ। তার আগে পিএসজি সমর্থকদের যতটা সম্ভব ‘উপহার’ দিচ্ছেন তিনি। সুইডেনের এই স্ট্রাইকার নিজেও নিচ্ছেন মুঠোভরে। ফ্রান্সের লিগ ওয়ানে নিজের শেষ ম্যাচে দলকে জিতিয়েছেন; ভেঙেছেন লিগে সর্বোচ্চ গোলের তিন যুগেরও বেশি পুরোনো রেকর্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2016, 02:33 PM

Updated : 11 Oct 2022, 08:14 PM

ফরাসি লিগের ট্রফি আগেই শোকেসে তোলা পিএসজি শনিবার রাতে নঁতেকে ৪-০ ব্যবধানে হারিয়েছে। সপ্তদশ মিনিটে দলকে এগিয়ে নেওয়ার পর ৮৯তম মিনিটে ম্যাচের শেষ গোলটি করে ফ্রান্সের লিগ ওয়ানের শেষটা রাঙিয়ে রাখার কাজটুকু দারুণভাবে সেরেছেন ইব্রাহিমোভিচ। পিএসজির বাকি দুই গোলদাতা লুকাস মৌরা ও মার্কিনিয়োস।

১৯৭৭-৭৮ মৌসুমে পিএসজির হয়ে এক মৌসুমে সর্বোচ্চ ৩৭ গোলের রেকর্ড গড়েন কার্লোস বিয়াঞ্চি। তিন দশকেরও বেশি সময় ধরে অক্ষত ছিল আর্জেন্টিনার এই ফরোয়ার্ডের কীর্তি। ৩৮ গোলে শনিবার রাতে সেটা নিজের করে নিয়েছেন ইব্রাহিমোভিচ।

লিগের শেষ ম্যাচে পিএসজির সমর্থক, নিজের পরিবারের কাছ থেকেও মুঠোভরে পেয়েছেন তিনি। পার্ক দে প্রাঁতে ম্যাচের দশম মিনিটে খেলা বন্ধ রাখা হয় গ্যালারিতে আসা সমর্থকদের অভিনন্দন জানানোর জন্য। সমর্থকদের ভালোবাসার চেয়েও চমকপ্রদ ছিল বার্সেলোনার এই সাবেক তারকার দুই ছেলের মাঠে চলে আসা। দুজনের জার্সিতে আবার লেখা ছিল ‘কিং’ ও ‘লেজেন্ড’। তাদের বাবাই কয়েকদিন আগে বলেছিলেন, “আমি এসেছিলাম রাজা হিসেবে, চলে যাচ্ছি একজন লেজেন্ড হিসেবে।”

ম্যাচ শেষে দুই ছেলের কাছ থেকে পাওয়া উপহার চোখে আবেগের অশ্রু এনেছিল বলেও জানান ইব্রাহিমোভিচ। সমর্থকদেরও কৃতজ্ঞতা জানাতে ভোলেননি তিনি।

“সুন্দর একটি রাত ছিল এটা। যে অভিজ্ঞতা হলো, সেটা বর্ণনা করা কঠিন। সাধারণত আমি কাঁদি না কিন্তু যখন দেখলাম ছেলেরা মাঠে আসছে, আমারও কান্না এসে গিয়েছিল।”

“ফ্রান্সের মানুষের কাছে আমি ভীষণ কৃতজ্ঞ। নিজের সেরাটাই আমি তাদেরকে দিয়েছি।”

৩৪ বছর বয়সী ইব্রাহিমোভিচ পিএসজিতে ‘কিংবদন্তি’ হয়েই থাকবেন। এসি মিলান ছেড়ে ২০১২ সালে পিএসজিতে যোগ দেওয়ার পর এ পর্যন্ত তিনি খেলেছেন ১৭৯ ম্যাচ; গোল করেছেন ১৫৪টি।

আগামী শনিবার ফরাসি কাপের ফাইনালে অলিম্পিক মার্শেইয়ের বিপক্ষে পিএসজির হয়ে শেষ ম্যাচ খেলতে নামবেন তিনি। ওই ম্যাচে গোলসংখ্যা বাড়িয়ে নেওয়ার সুযোগ পাবেন ইব্রাহিমোভিচ; গোল না পেলেও পিএসজির সর্বোচ্চ গোলদাতার মুকুট পরেই বিদায় নেবেন তিনি।

সব মিলিয়ে ফ্রান্সে চমৎকার চারটি মৌসুম কেটেছে বলে মনে হচ্ছে ইব্রাহিমোভিচের।

“আজ রাতে আমি ভীষণ আবেগাক্রান্ত। চারটি চমৎকার বছর কাটালাম। এটাও চমৎকার একটা দল, এমনকি যাদের সঙ্গে আমি খেলেছি, তাদের মধ্যে সেরা। এই দলটাকে আমি মিস করব।”

“তোমরা আমার হৃদয়ে থাকবে। আশা করি, এই অধিনায়কের হাত ধরে ক্লাব এগিয়ে যাবে এবং ইব্রাকে ছাড়াও অনেক শিরোপা জিতবে। এটা কঠিন কিন্তু সম্ভব।”

পিএসজি পর্বের ইতি টেনে দেওয়া ইব্রাহিমোভিচের নতুন ঠিকানা নিয়ে গুঞ্জন চলছে বেশ। শোনা যাচ্ছে যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের দল লা গ্যালাক্সি দলে ভেড়াতে চাইছে তাকে। ইংলিশ প্রিমিয়ার লিগে যাওয়ারও সম্ভাবনা আছে তার। চারিদিকে এত গুঞ্জন চললেও আগামী গন্তব্য নিয়ে মুখে ছিপি দিয়ে আছেন এই তারকা।

“আগামী বছর কি করব সেটা আমি জানি, কিন্তু আপনাদের তা বলব না। প্যারিস, ফ্রান্স, সবাইকে ধন্যবাদ।”