সোনা এনে দেওয়া কোচকে ‘সুরক্ষা’ দেবে সাঁতার ফেডারেশন
সাঁতারের দক্ষিণ কোরিয়ান কোচ পার্ক দে গুনকে নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ।
পার্ক দে গুনের অধীনেই সব শেষ দক্ষিণ এশিয়ান গেমসে দুটি সোনা জেতেন বাংলাদেশের সাঁতারু মাহফুজা খাতুন শীলা।
সম্প্রতি মিরপুর স্টেডিয়ামের ক্রীড়া পল্লীতে থাকা কোচের কক্ষে চুরির ঘটনা ঘটে। এছাড়াও অভিযোগ উঠেছে ফেডারেশনের কিছু কর্মকর্তা বিদেশি এই কোচের কাজে অসহযোগিতা করছেন।
সুইমিং ফেডারেশন ও নৌবাহিনীর যৌথ উদ্যোগে ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’-প্রতিযোগিতা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে নিজামউদ্দিন আহমেদ পার্ক দে গুনকে নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দেন।
“তার কাজের ব্যাপারে যাতে কোনো প্রতিবন্ধকতা না থাকে, সে ব্যাপারে আমরা ব্যবস্থা নেব। এটা খুব গুরুত্ব দিয়ে নেব। তার নিরাপত্তাও আমরা দেব। প্রয়োজনে হয়তো নৌ বাহিনীর ভেতরে মেসে ওয়ার্ড রুমে তাকে রাখতে পারি আমরা।”
‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’-প্রতিযোগিতা শুরু হবে আগামী ১৯ মে। সারা দেশের প্রায় ২৫ হাজার সাঁতারু এই প্রতিযোগিতায় অংশ নেবে বলে জানিয়েছে সংস্থাটি। বাছাইকৃত সাঁতারুদের ঢাকায় এনে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
