২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাঁতারু অন্বেষণ প্রতিযোগিতা শুরু ১৯ মে

বাংলাদেশ সুইমিং ফেডারেশন ও নৌবাহিনীর যৌথ উদ্যোগে দেশে প্রথমবারের মত শুরু হচ্ছে সাঁতারু অন্বেষণ প্রতিযোগিতা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2016, 01:06 AM

Updated : 20 Aug 2022, 12:43 PM

‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’ শিরোনামে এই প্রতিযোগিতা আগামী ১৯ মে বেলা ১১টায় মিরপুরের সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে উদ্বোধন করবেন জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

শনিবার জাতীয় সুইমিং কমপ্লেক্সে এক সংবাদ সম্মেলন করে প্রতিযোগিতার বিস্তারিত তুলে ধরেন জাতীয় সুইমিং ফেডারেশনের সভাপতি নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ।

নৌবাহিনী প্রধান জানান, এই প্রতিযোগিতার মাধ্যমে সারাদেশের ৬৪টি জেলার ৪৮৯টি উপজেলা থেকে বাছাই করা সেরা সাঁতারুদের ঢাকায় এনে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। সারাদেশের প্রায় ২৫ হাজার সাঁতারু এ প্রতিযোগিতায় অংশ নেবে।

প্রতিযোগিতায় বয়সভিত্তিক চারটি গ্রুপে ভাগ হয়ে প্রতিযোগীরা অংশ নেবে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, ১১-১২ বছর বয়সীরা প্রথম গ্রুপে, দ্বিতীয় গ্রুপে ১৩-১৫ বছর বয়সী, তৃতীয় গ্রুপে ১৫-১৭ বছর বয়সী এবং চতুর্থ গ্রুপে ১৮ থেকে বেশি বয়সের নারী-পুরুষ সাঁতারুরা অংশ নিতে পারবেন।

প্রতিযোগিতার প্রথম পর্যায়ের বাছাই পর্ব আগামী ১৯ মে থেকে শুরু হয়ে ০২ অক্টোবর পর্যন্ত চলবে। এই পর্বে প্রতিটি উপজেলা থেকে ৪৮ জন সাঁতারু বাছাই করে জেলা পর্যায়ে আনা হবে। পরবর্তীতে জেলা পর্যায়ে প্রতিযোগিতার মাধ্যমে প্রতিটি জেলা হতে ১০ থেকে ২০ জন সাঁতারু  নির্বাচন করা হবে।

এভাবে ৬৪ টি জেলা থেকে মোট ১০০০ জন প্রতিভা সম্পন্ন সাঁতারু বাছাই করে ঢাকায় আনা হবে। প্রথম পর্বে জেলা প্রতি ২০ জন সেরা সাঁতারুকে মেডেল, সার্টিফিকেট ও নগদ অর্থ পুরস্কার দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রতিযোগিতার দ্বিতীয় পর্বে ১০০০ জনের মধ্যে পুনরায় প্রতিযোগিতার মাধ্যমে ১৬০ জনকে নির্বাচিত করে বিদেশি প্রশিক্ষকের মাধ্যমে তিন মাসব্যাপী নিবিড় প্রশিক্ষণ দেওয়া হবে।

দ্বিতীয় পর্বের সেরা ১৬০ জনের প্রত্যেককে মেডেল, সার্টিফিকেট ও নগদ অর্থ পুরস্কার দেওয়া হবে। 

তবে প্রশিক্ষণ শেষে চূড়ান্ত প্রতিযোগিতার মাধ্যমে ১৬০ জন থেকে সেরা ৬০ জন সাঁতারু নির্বাচন করা হবে। এই সেরা ৬০ জন সাঁতারুর প্রত্যেককে মেডেল, সার্টিফিকেট ও নগদ অর্থ পুরস্কার দেওয়া হবে।

এদের মধ্যে আবার চারটি ইভেন্টের সেরা চারজন নারী এবং চারজন পুরুষ সাঁতারুকে পাঁচ লাখ টাকা করে দেওয়া হবে।

এভাবে তিনটি পর্বে সর্বমোট ৬৫ লাখ টাকার পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে বলে আইএসপিআরের বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে আরও বলা হয়, সেরা ৬০ জন সাঁতারু বাংলাদেশ সুইমিং ফেডারেশনে যোগ দেবেন। তাদেরকে বিশ্ব মানের সাঁতারু হিসেবে গড়ে তোলার লক্ষ্যে দীর্ঘ মেয়াদি প্রশিক্ষণ দেওয়া হবে। তাছাড়া তাদের লেখাপড়ার ব্যবস্থাসহ যাবতীয় ব্যয়ভার সুইমিং ফেডারেশনের পক্ষ থেকে বহন করা হবে।

প্রতিযোগিতার বিস্তারিত তথ্য ও সময়সূচি এর ওয়েবসাইট   www.sherasataru.com -এ পাওয়া যাবে। এছাড়া একটি কল সেন্টারও (০৯৬৭৮-৮০০৭০০) খোলা হয়েছে, যেখানে সকাল ৯টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত ফোন করে প্রতিযোগীরা সব ধরনের তথ্য জানতে পারবেন।

প্রতিযোগিতায় অংশ নিতে অনলাইনে অথবা কল সেন্টারের মাধ্যমে প্রতিযোগিতার আগের দিন পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে। এছাড়া প্রতিযোগিতার দিনে অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়েও রেজিস্ট্রেশন করা যাবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য ইতোমধ্যে বাংলাদেশ সুইমিং ফেডারেশন এবং বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তাদের সমন্বয়ে বিভিন্ন কমিটি গঠন করা হয়েছে।

প্রতিযোগিতার প্রধান সমন্বয়কারী হিসেবে ঢাকা নৌ অঞ্চলের প্রশাসনিক কর্তৃপক্ষ কমডোর সৈয়দ মকছুমুল হাকিম এবং সহকারী সমন্বয়কারী হিমেবে সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. রফিজ উদ্দিন রফিজ দায়িত্ব পালন করবেন।