২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়ে শেষ বায়ার্নের

জয় দিয়ে বুন্দেসলিগার মৌসুম শেষ করল বায়ার্ন মিউনিখ। লিগের শেষ ম্যাচে নিজেদের মাঠে হ্যানোভারকে ৩-১ গোলে হারিয়েছে আগেই শিরোপা নিজেদের করে নেওয়া পেপ গুয়ার্দিওলার দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2016, 12:38 AM

Updated : 11 Oct 2022, 08:14 PM

এই ম্যাচ দিয়ে বুন্দেসলিগায় কোচ হিসেবে শেষবারের মতো বায়ার্নের ডাগ আউটে দাঁড়ালেন গুয়ার্দিওলা। স্পেনের এই কোচ সামনের মৌসুমে হাল ধরবেন ইংলিশ প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার সিটির।

আলিয়াঞ্জ অ্যারেনায় দ্বাদশ মিনিটে পোল্যান্ডের স্ট্রাইকার রবের্ত লেভানদোভস্কির গোলে এগিয়ে যায় বায়ার্ন।

দ্বিতীয়ার্ধে মারিও গোটশের জোড়া গোল স্বাগতিকদের জয় অনেকটাই নিশ্চিত করে দেয়। আর্তুর সোভিয়েখের গোলটি কেবল হ্যানোভারের হারের ব্যবধান কমিয়েছে।

৩৪ ম্যাচে ২৮ জয় ও চার ড্রয়ে ৮৮ পয়েন্ট নিয়ে লিগ শেষ করল টানা চতুর্থ বারের মতো বুন্দেসলিগার শিরোপা জয় করা বায়ার্ন।

৭৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে লিগ শেষ করল বরুসিয়া ডর্টমুন্ড। ৬০ পয়েন্ট নিয়ে তৃতীয় বায়ার লেভারকুজেন। ও ৫৫ পয়েন্ট নিয়ে চতুর্থ বরুসিয়া মনশেনগ্লাডবাখ।

বুন্দেসলিগার শীর্ষ তিন দল আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ সরাসরি খেলার সুযোগ পাবে। ইউরোপ সেরার আসরে খেলতে মনশেনগ্লাডবাখকে পেরুতে হবে প্রিমিলিনারি রাউন্ড।

চ্যাম্পিয়ন্স লিগ স্বপ্ন গুঁড়িয়ে যাওয়া বায়ার্নের সামনে অবশ্য ‘ডাবল’ জয়ের সুযোগ থাকছে। আগামী ২১ মে বার্লিনে জার্মান কাপের ফাইনালে ডর্টমুন্ডের মুখোমুখি হবে গুয়ার্দিওলার দল।

৩০ গোল নিয়ে বুন্দেসলিগার ২০১৫-১৬ মৌসুমের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন লেভানদোভস্কি। ২৫ গোল নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে আছেন বরুসিয়া ডর্টমুন্ডের পিয়েরে-এমেরিক আউবামেয়াং।

শেষ ম্যাচের গোলটি দিয়ে দারুণ এক কীর্তিও গড়েছেন লেভানদোভস্কি। ১৯৭৬-৭৭ মৌসুমে ডিটার মুলারের পর প্রথম খেলোয়াড় হিসেবে বুন্দেসলিগায় এক মৌসুমে ৩০ গোল করলেন পোল্যান্ডের এই স্ট্রাইকার। এফসি কোলনের হয়ে সেবার ৩৪ গোল করেছিলেন মুলার।

২০১০-১১ মৌসুমের পর বায়ার্নের কোনো খেলোয়াড়ের লিগে এটি সর্বোচ্চ গোলদাতা হওয়ার ঘটনাও। সেবার মারিও গোমেজ ২৮ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন।