২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পেছালো ফেডারেশন কাপ

১৫ মে ফেডারেশন কাপ শুরুর সিদ্ধান্তের সঙ্গে ‘সম্ভাব্য’ শব্দটা জুড়ে দিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। শেষ মুহূর্তে বরাবরের মতোই হলো সিদ্ধান্ত বদল। আপাতত শুরুই হচ্ছে না এই আসর! কবে হবে, তা ঠিক হবে এশিয়ান কাপের বাছাই পর্বে ওঠার প্লে-অফ ম্যাচের পর।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2016, 08:23 PM

Updated : 12 Apr 2022, 02:03 AM

পেশাদার লিগ কমিটির রোববারের এই সিদ্ধান্তের ফলে টুর্নামেন্ট পেছানোর ‘ঐতিহ্য’ ধরে রাখল বাফুফে। মৌসুমের প্রথম আসর স্বাধীনতা কাপও পিছিয়েছিল; এমনকি মাঝ পথে এসে আসরটির সূচিও হয়েছিল বদল।

ফেডারেশন কাপ পেছানোর কারণ হিসেবে পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী ক্লাবগুলোর অনিচ্ছা আর এশিয়ান কাপের বাছাই পর্বে ওঠার প্লে-অফ ম্যাচ দুটির প্রসঙ্গ সামনে এনেছেন।

“গত সভায় ১২ ক্লাবকে চিঠি দিয়েছিলাম ফেডারেশন কাপ নিয়ে তাদের মতামত জানাতে। সিংহভাগ ক্লাবই জাতীয় দলের ক্যাম্প চলার সময় এই টুর্নামেন্টে অংশ নিতে রাজি না। ফলে আগামীকাল থেকে হচ্ছে না ফেডারেশন কাপ।”

প্রিমিয়ার লিগে খেলা ১২ দলের মধ্যে মাত্র তিন ক্লাব শেখ জামাল ধানমণ্ডি, আরামবাগ ক্রীড়া সংঘ এবং মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ফেডারেশন কাপ খেলার আগ্রহ দেখিয়ে চিঠি দিয়েছে বলেও সাংবাদিকদের জানান মুর্শেদী।

প্লে-অফ ম্যাচে আগামী ২ জুন দুশানবেতে এবং ৭ জুন ফিরতি লেগে নিজেদের মাঠ বঙ্গবন্ধু স্টেডিয়ামে তাজিকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এ দুটি ম্যাচ সামনে রেখে গত বুধবার থেকে অনুশীলন শুরু করে দল।

“আমরা এখন সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছি, এশিয়ান কাপের বাছাইয়ে জাতীয় দলের দুই ম্যাচকে। ওই দুই ম্যাচে ভালো ফল করাই আমাদের মূল লক্ষ্য।”

প্লে-অফের ম্যাচ দুটি হওয়ার পর ফেডারেশন কাপ শুরুর দিনক্ষণ ঠিক করবে বাফুফে। ফেডারেশন কাপ পেছানোয় ১০ জুনে প্রিমিয়ার লিগ শুরুর সিদ্ধান্তটাও বদলে যাওয়ার সম্ভাবনা জেগেছে জোরালোভাবে।