২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মরিশাসে তৃতীয় রাউন্ড শেষে শীর্ষে সিদ্দিকুর

আফ্রোএশিয়া ব্যাংক মরিশাস ওপেনে আলো ছড়াচ্ছেন সিদ্দিকুর রহমান। তৃতীয় রাউন্ড শেষে শীর্ষে উঠেছেন বাংলাদেশের এই গলফার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2016, 07:33 PM

Updated : 12 Apr 2022, 02:03 AM

অ্যানাহিতার ফোর সিজনস গলফ ক্লাব কোর্সে শনিবার তৃতীয় রাউন্ডের খেলায় চারটি বার্ডি ও একটি বোগি করেন সিদ্দিকুর। সব মিলিয়ে পারের চেয়ে সাত শট কম খেলেন এশিয়ান ট্যুরের দুটি শিরোপা জেতা এই গলফার।

দক্ষিণ কোরিয়ার জেউনগুন ওয়াং পারের চেয়ে ছয় শট কম খেলে দ্বিতীয় স্থানে রয়েছেন।

পারের চেয়ে চার শট কম খেলে ১০ লাখ ইউরোর এই আসর শুরু করেন সিদ্দিকুর। প্রথম রাউন্ডে যৌথভাবে দ্বিতীয় স্থানে থাকার পর দ্বিতীয় রাউন্ডে পারের সমান শট খেলে তৃতীয় স্থানে নেমে যান তিনি।

চলতি বছর এশিয়ান ট্যুরে এখন পর্যন্ত সাফল্য পাননি সিদ্দিকুর। এশিয়ান ট্যুরের গত আসরে জাপানের প্যানাসনিক ওপেনে ৭৪তম হন তিনি। তার আগে নয়া দিল্লিতে হিরো ওপেনে ৫৮তম হয়েছিলেন সিদ্দিকুর।

মরিশাস থেকে এশিয়ান ট্যুরের তৃতীয় শিরোপা নিয়ে ফেরার সম্ভাবনা জেগে ওঠার চাপ অবশ্য নিতে চাইছেন না সিদ্দিকুর। তৃতীয় রাউন্ডের খেলা নিয়ে দারুণ খুশি এই গলফার শেষ রাউন্ডে স্বাভাবিক খেলাটাই খেলতে চান।

“আগামীকাল ভালো করার জন্য খুবই মুখিয়ে আছি, যেহেতু আমি এখন শীর্ষে আছি। নিজের ওপর কোনো চাপ নেব না। আমি খুবই শিহরিত এবং আগামীকালের খেলা উপভোগের চেষ্টা করব।”

পিঠে ব্যাথা থেকে মুক্তি পাওয়ার স্বস্তিও জানান সিদ্দিকুর।

“পিঠে ভালো অনুভব করছি; প্রায় শতভাগ সেরে উঠেছি। নিজের ‍খুব ভালো যত্ন নিচ্ছি, এর মধ্যে খাবারও আছে। আর মাত্র একটা দিন যাওয়ার বাকি। কোনো কিছুই বদলাবে না। গত কয়েকটা দিন যেভাবে খেলেছি, সেভাবে শুধু খেলার চেষ্টা করব। শীর্ষে থেকে আগামীকাল শুরুর জন্য সামনের দিকে তাকিয়ে আছি আমি।”