২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাপ টের পাচ্ছেন বার্সা কোচ

গ্রানাদাকে হারিয়ে শিরোপা জয়ের আত্মবিশ্বাস আছে লুইস এনরিকের। তবে শেষ রাউন্ডে শিরোপা নির্ধারণী ম্যাচটি নিয়ে কিছুটা চাপও অনুভব করছেন বার্সেলোনা কোচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2016, 10:16 PM

Updated : 12 Apr 2022, 02:02 AM

৩৭ রাউন্ড শেষে ৮৭ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বার্সেলোনা আগামী শনিবার বাংলাদেশ সময় রাত ৯টায় গ্রানাদার মাঠে জিতলেই লা লিগার শিরোপা ঘরে তুলবে। তবে হোঁচট খেলে শিরোপা ধরে রাখার স্বপ্ন শেষ হয়ে যেতে পারে লিওনেল মেসি, লুইস সুয়ারেস, নেইমারদের। 
 
শনিবার একই সময়ে দেপোর্তিভো লা করুনার মাঠে এ মৌসুমে লিগে নিজেদের সবশেষ ম্যাচটি খেলতে নামবে রিয়াল। বার্সেলোনা হোঁচট খেলে জিদানের দল জিতলেই শিরোপা নিজেদের করে নেবে। 
 
গ্রানাদা ম্যাচ নিয়ে এনরিকে বলেন, “শেষ দিনের খেলার দুশ্চিন্তা আর এখনও আমরা শিরোপার লড়াইয়ে থাকার কারণে এটা কঠিন ম্যাচ হবে। কিন্তু এছাড়া এটা অন্য ম্যাচগুলোর মতোই হবে।”
 
তবে বার্সেলোনা অন্য দলগুলোর চেয়ে আলাদা দাবি করেন এনরিকে। দলটির খেলোয়াড়রা অনেক কিছু জিতেছে এবং এই রকম পরিস্থিতিতে অভ্যস্ত বলেও মনে করেন তিনি। 
 
দেপোর্তিভোর বিপক্ষে রিয়ালের ম্যাচ নিয়ে কোনো চিন্তা করছেন না বলে জানান এনরিকে।    
 
“আমরা কেবল একটি ম্যাচ খেলছি। এটা না জিতলে আমরা অন্য ম্যাচে কী ঘটেছে তাতে নজর দেব। ৯৫তম মিনিটের আগে পর্যন্ত (অন্য ম্যাচ নিয়ে) আমার কোনো আগ্রহ থাকবে না…আমি ভাবছি যে, একমাত্র গ্রানাদাকে হারালেই আমরা শিরোপা জিতব।”
 
এরই মধ্যে অবনমন এড়ানো নিশ্চিত করে ফেলা গ্রানাদা কেমন খেলবে বলে মনে করেন এনরিকে?
 
এই প্রশ্নের উত্তরে বার্সেলোনা কোচ বলেন, “সবাই নিশ্চিত ছিল, আতলেতিকো লেভান্তেকে হারাবে (গত রাউন্ডে)। কিন্তু দেখেন কী হয়েছে। গ্রানাদার সঙ্গেও একই ঘটনা ঘটতে পারে। চাপ না থাকায় তারা শক্তিশালী হতে পারে অথবা তারা নিরুদ্বেগ থাকতে পারে।”

“লুয়েভো লস কারমেনেসে যখন বল গড়াতে শুরু করবে, আমাদের কেবল একটি লক্ষ্য থাকবে-জয়।”

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনাল থেকে ছিটকে পড়ায় টানা দ্বিতীয়বারের মতো ট্রেবল জয়ের স্বপ্ন ভেঙে গেছে বার্সেলোনার। তবে লিগ আর কোপা দেল রে জিতে ঘরোয়া ‘ডাবল’ জয়ের সম্ভাবনা এখনও আছে তাদের। আগামী ২২ মে কোপা দেল রের ফাইনালে সেভিয়ার মুখোমুখি হবে কাতালান ক্লাবটি।
 
এনরিকে অবশ্য এখন শুধুই গ্রানাদা ম্যাচ নিয়ে ভাবছেন।

“আপাতত সেভিয়া ম্যাচ আমার মাথায় নেই। আমরা ইউরোপের সবচেয়ে কঠিন লিগ জয়ের জন্য উন্মুখ।”