২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিএসজি ছাড়ার বিষয় নিশ্চিত করলেন ইব্রা

এ মৌসুম শেষে পিএসজি ছেড়ে যাওয়ার বিষয় নিশ্চিত করেছেন ক্লাবটির সুইডিশ ফরোয়ার্ড জ্লাতান ইব্রাহিমোভিচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2016, 06:02 PM

Updated : 11 Oct 2022, 08:13 PM

নঁতের বিপক্ষে আগামী শনিবার নিজেদের মাঠে লড়াইটিই হবে পিএসজির হয়ে ফরাসি লিগ ওয়ানে ইব্রাহিমোভিচের শেষ ম্যাচ। সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে শুক্রবার এই ঘোষণা দেন তিনি।

"পার্ক দে প্রাঁসে আমার শেষ ম্যাচ। আমি রাজার মতো এসেছি, যাচ্ছি কিংবদন্তির মতো।"

চার বছরের চুক্তিতে ২০১২ সালে পিএসজিতে নাম লেখানো ইব্রাহিমোভিচ ফোর্বস সাময়িকীর হিসেবে গত বছর বেতন, বোনাস আর এন্ডোর্সমেন্ট মিলিয়ে তৃতীয় সর্বোচ্চ অর্থ পাওয়া ফুটবলার ছিলেন।

পিএসজির হয়ে চারটি লিগ শিরোপা জেতা ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড চলতি মৌসুমে ৩৬ গোল নিয়ে এখন পর্যন্ত লিগের সর্বোচ্চ গোলদাতা। তবে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের আশা এখনও অপূর্ণই রয়ে গেল সুইডেনের এই তারকা ফুটবলারের। ম্যানচেস্টার সিটির কাছে হেরে এ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনাল থেকে ছিটকে পড়ে লরাঁ ব্লাঁর দল।

ম্যানচেস্টার ইউনাইটেড, ইন্টার মিলান ও এসি মিলানের সঙ্গে মেজর লিগ সকারের (এমএলএস) দল এলএ গ্যালাক্সিও ইব্রাহিমোভিচকে পেতে চায় বলে গুঞ্জন চলছে।

চারটি ভিন্ন দেশে লিগ শিরোপা জেতা ইব্রাহিমোভিচ তার দেশের হয়ে ২০১৬ সালের ইউরোতে খেলবেন। আর পিএসজির হয়ে তিনি শেষ ম্যাচটি খেলবেন আগামী ২১ মে ফরাসি কাপের ফাইনালে মার্শেইয়ের বিপক্ষে।