কুকুরের খাবার চাখতে গিয়ে অসুস্থ সেরেনা
পোষা কুকুরের খাবার খেয়ে অসুস্থ হওয়ার ঘণ্টা কয়েক পর ইতালিয়ান ওপেনের শেষ আটে উঠেছেন যুক্তরাষ্ট্রের তারকা সেরেনা উইলিয়ামস।
রোমে স্বদেশি ক্রিস্টিনা ম্যাকহেলকে সরাসরি সেটে হারানোর আগে নিজের কুকুর চিপের খাবার থেকে এক চামচ খেয়েছিলেন মেয়েদের টেনিসের বিশ্বের এক নম্বর খেলোয়াড়।
সেরেনা বলেন, “আমি ভেবেছিলাম, কি আর হবে, একটু চেখে দেখি। এটা দেখতে ভালো লাগছে।”
“দুই ঘণ্টা পর, আমি শুধু টয়লেটের দিকে দৌড়েছি। মনে হয়েছিল, আমি অজ্ঞান হয়ে যাব। এর স্বাদ অদ্ভুত ছিল।”
স্ন্যাপচ্যাটে দেওয়া এক ভিডিওতে সেরেনা ব্যাখ্যা করেন, তার হোটেলে কুকুরের খাবারের মেন্যুতে থাকা ‘চিকেন’ ও ‘রাইস’ চেখে দেখেছিলেন তিনি।
৩৪ বছর বয়সী সেরেনা বলেন, “আমি জোর করে এটা গিলে ফেলি। আমি জানি না কুকুরের এই খাবারে তারা কী দিয়ে রেখেছে। কিন্তু চিপ এটা পছন্দ করেছিল।”
“আমার মনে হয় না এটা মানুষের খাওয়ার যোগ্য। এটা তাদের লেখা উচিৎ ছিল।”
