‘ঝুঁকিমুক্ত’ থাকতে ক্রুইফের শরণাপন্ন বাফুফে
তার বিদায়টা ছিল আলোচনা-সমালোচনা আর বিতর্কে ভরা। সেই লোডভিক ডি ক্রুইফকে জাতীয় দলের কোচের পদে ফেরানোর সিদ্ধান্ত নিয়ে স্বাভাবিকভাবে উঠেছিল নানা প্রশ্ন।
যার উত্তর বৃহস্পতিবার জরুরি বৈঠকের পর দিয়েছেন ন্যাশনাল টিমস কমিটির ডেপুটি চেয়ারম্যান তাবিথ আওয়াল। ঝুঁকিমুক্ত থাকতে নেদারল্যান্ডসের এই কোচকে ফেরানো হয়েছে বলে দাবি করেছেন তিনি।
গত বছর সেপ্টেম্বরে ক্রুইফকে বিদায় করে দেয় বাফুফে। ২০১৩ সালের জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করা ক্রুইফ শেষ দিকে ছিলেন অনিয়মিত; কাজ করেছেন টুর্নামেন্ট অনুযায়ী। সব কিছু নতুন করে ঢেলে সাঁজানোর প্রতিশ্রুতি দিয়ে নির্বাচিত হওয়ার পর কাজী সালাউদ্দিনের নেতৃত্বে বাফুফের প্রথম সিদ্ধান্তই ছিল এশিয়ান কাপের বাছাই পর্বে ওঠার প্লে-অফ ম্যাচগুলোর জন্য পুরনো ক্রুইফকে ফেরানো।
প্লে-অফে আগামী ২ জুন দুশানবেতে এবং ৭ জুন ফিরতি লেগে বঙ্গবন্ধু স্টেডিয়ামে তাজিকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। তাজিকিস্তানকে হারাতে না পারলেও সুযোগ থাকবে বাংলাদেশের। সে ক্ষেত্রে ৬ সেপ্টেম্বর ঢাকায় ও ১১ অক্টোবর ভুটানের মাঠে প্লে-অফের দ্বিতীয় রাউন্ডের লড়াইয়ে জিততে হবে। তবে ক্রুইফের হাত ধরে তাজিকিস্তানের বিপক্ষে ম্যাচেই বাজিমাতের আশা তাবিথের।
“আপনারা জানেন, কোচ আসা-যাওয়া, ছাঁটাই হওয়া, পুনরায় নিয়োগ পাওয়া-এটা ফুটবলের চলমান প্রক্রিয়া। আমরা বিবেচনা করেছি, তাজিকিস্তানের বিপক্ষে দুইটা ম্যাচে যদি ভালো ফলাফল আনতে পারি, তাহলে আমরা কোয়ালিফাই করব। তাহলে ভুটানের বিপক্ষে খেলতেও হবে না; জুনের ৭ তারিখের পর থেকে ঝুঁকিমুক্ত থাকতে পারি। খেলোয়াড়, আবহাওয়া, তাজিকিস্তানের বিরুদ্ধে গত ম্যাচের পারফরম্যান্স বিবেচনায় আমরা তাই ক্রুইফকে এক মাসের জন্য নিয়োগ দিয়েছি।”
২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাইয়ে তাজিকিস্তানের সঙ্গে নিজেদের মাঠে ড্র করাটাই বাংলাদেশের একমাত্র পাওয়া। তবে দুশানবের ম্যাচে তাজিকিস্তানের কাছেই ৫-০ গোলে বাছাই পর্বের ফিরতি লেগে উড়ে গিয়েছিল বাংলাদেশ।
“সে (ক্রুইফ) কি বলেছে, আমাদের আগে কি মতামত ছিল, সেগুলো বিবেচনায় আছে, ছিলও এবং ভবিষ্যতেও থাকবে। চুক্তিটা যখন আপনারা দেখতে পারবেন, তখন আপনারাও দেখবেন চুক্তিতে কোড অব কন্ডাক্টের বিস্তারিত দেওয়া আছে। উভয় পক্ষের অতীতের অভিযোগ নিয়ে ওর সঙ্গে কথা বলেছি। যদি আলোচনার মাধ্যমে আমরা ইতিবাচক সিদ্ধান্ত নিতে পারি, সেটাই সবার জন্য কাম্য।”
কোচদের পারিশ্রমিকের অঙ্ক নিয়ে অতীতে গুঞ্জন ছিল। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তাবিথ সাংবাদিকদের বলেন, “আমাদের চুক্তির মধ্যে আর্থিক যে বিষয় ছিল, সেটা কখনই আমরা প্রকাশ করি না, এটা কনফিডেন্সিয়াল বিষয়। তাই ওই উত্তরটা আমি জেনে শুনেই দিচ্ছি না।”
“ফিফা আমাদের যে ধরণের নির্দেশনা দিচ্ছে বা আইন করছে, সেটা অনুযায়ী অবশ্যই আমাদের গঠনতন্ত্রে পরিবর্তন করা হবে। যেদিন থেকে পরিবর্তন করা হবে, সেদিন থেকে এই তথ্যগুলো আমরা উন্মুক্ত করে দেব। ওই নির্দেশনা ছাড়াও যে এগুলো উন্মুক্ত করা হবে না, তা নয়। (কমিটির সঙ্গে আলোচনা করে) পরবর্তীর্তে আমরা এটাও ওপেন করে দেব”, যোগ করেন গত মেয়াদেও একই পদে থাকা তাবিথ।
