রিও অলিম্পিকে যাচ্ছেন বাকি
সরাসরি ব্রাজিল অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জনের লক্ষ্য ছিল আব্দুল্লাহ হেল বাকির। সে লক্ষ্য পূরণ না হলেও ব্রাজিলের আসরে খেলার সুযোগ পাচ্ছেন বাংলাদেশের এই শুটার।
আন্তর্জাতিক অলিম্পিক কাউন্সিল (আইওসি) বাংলাদেশকে ছয়টি ‘ওয়াইল্ড কার্ড’ দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছিল। প্রথম ওয়াইল্ড কার্ডটি বুধবার এসেছে এবং তা শুটিংকে দিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)।
বাংলাদেশ শুটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক ইন্তেখাবুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বাকির ওয়াইল্ড কার্ড পাওয়ার কথা জানান।
“আমরা একটাই ওয়াইল্ড কার্ড পাব; এই প্রেক্ষিতে আমরা বাকিকে বেছে নিয়েছিলাম। ওর নামেই সেটি এসেছে। এই মুহূর্তে ডেনমার্কের কোচের অধীনে সে জার্মানিতে অনুশীলন করছে; সেখান থেকে দেশে ফেরার এক মাস পর আজারবাইজানে যাবে; ওখানেও একটি প্রতিযোগিতা আছে; সেখানেও বাকি অংশ নেবে।”
গত এপ্রিলে ব্রাজিলের শুটিং বিশ্বকাপে আলো ছড়াতে পারেননি বাকি। ১০ মিটার এয়ার রাইফেলে ৬২২.৮ স্কোর গড়ে ৩০তম হন গ্লাসগো কমনওয়েলথ গেমসে রুপা জেতা এই শুটার।
গত ফেব্রুয়ারি ভারতে হওয়া সব শেষ দক্ষিণ এশিয়ান গেমসেও ১০ মিটার এয়ার রাইফেলে ব্যক্তিগত ইভেন্টে ব্যর্থ হওয়া বাকি জিতেছিলেন দলগত রুপা।
আগামী ৫ অগাস্ট ব্রাজিলের রিও দে জেনেইরোতে শুরু হবে অলিম্পিকের আগামী আসর।
