তাজিকিস্তান ম্যাচের ক্যাম্প শুরু
এশিয়ান কাপের বাছাই পর্বে ওঠার প্লে-অফ ম্যাচের জন্য প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ। তবে প্রথম দিনের অনুশীলনে প্রাথমিক দলে ডাক পাওয়া ৩৪ জনের মধ্যে ১৩ জন ফুটবলার ছিলেন না।
এই ১৩ জনের মধ্যে চট্টগ্রাম আবাহনী ও শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের ছয় জন এবং শেখ রাসেল ক্রীড়া চক্রের জামাল ভূইয়া।
বঙ্গবন্ধু স্টেডিয়ামে বুধবার সাইফুল বারী টিটোর অধীনে শুরু হয় অনুশীলন। প্রধান কোচ লোডভিক ডি ক্রুইফ দলের সঙ্গে যোগ দেননি। বাফুফে জানায়, ক্রুইফ আগামী ১৫ মে ঢাকায় পা রাখবেন। ডাচ এই কোচের পাঠানো পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করেছেন টিটো।
এএফসি কাপের ম্যাচের জন্য ক্যাম্পে সময়মতো যোগ দিতে পারেননি শেখ জামালের ছয় খেলোয়াড়। তবে চট্টগ্রাম আবাহনীর ছয় ফুটবলারের যোগ না দেওয়ার কারণ ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছ থেকে চিঠি না পাওয়া।
সন্ধ্যার দিকে অবশ্য তরফদার রুহুল আমিন ছয় ফুটবলারকে ক্যাম্পের জন্য ছেড়ে দেওয়ার কথা জানান। এই ছয় জন আগামী বৃহস্পতিবার যোগ দেবেন ক্যাম্পে।
প্লে-অফে আগামী ২ জুন দুশানবেতে এবং ৭ জুন ফিরতি লেগে নিজেদের মাঠ বঙ্গবন্ধু স্টেডিয়ামে তাজিকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।
