ফেডারেশন কাপ শুরু ১৫ মে
আগামী ১৫ মে ফেডারেশন কাপ শুরু করতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পেশাদার লিগ কমিটি। সোমবার কমিটির বৈঠকে আগামী ১০ জুন প্রিমিয়ার লিগ শুরুর সিদ্ধান্তও নেওয়া হয়। তবে অধিকাংশ সিদ্ধান্তের সঙ্গে আছে ‘সম্ভাব্য’ শব্দটি।
বাফুফের নির্বাচনের পর নতুন করে পেশাদার লিগ কমিটি এখনও গঠিত হয়নি। আগের কমিটির অধীনেই সোমবার ফেডারেশন কাপ ও পেশাদার লিগ নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়। এই দুটি টুর্নামেন্টের মধ্যে ফেডারেশন কাপের নির্ধারিত দিনে শুরু হওয়া নিয়ে প্রশ্ন আছে। কেননা আগামী জুনেই জাতীয় দলকে খেলতে হবে এশিয়ান কাপের বাছাই পর্বে ওঠার প্লে-অফ ম্যাচে। এ লক্ষ্যে আগামী বুধবার থেকে শুরু হবে জাতীয় দলের ক্যাম্পিং।
প্লে-অফে আগামী ২ জুন দুশানবেতে এবং ৭ জুন ফিরতি লেগে নিজেদের মাঠ বঙ্গবন্ধু স্টেডিয়ামে তাজিকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। জাতীয় দলের ক্যাম্প ও ফেডারেশন কাপ শুরু হলে খেলোয়াড়দের নিয়ে জাতীয় দল ও ক্লাবের মধ্যে শুরু হবে টানাটানি।
ফেডারেশন কাপ শুরুর দিনক্ষণ নিয়ে কথা বলার শুরুতে তাই ‘সম্ভাব্য’ শব্দটি জুড়ে দিলেন পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী।
“ক্যাম্প চলাকালে ক্লাবের ফেডারেশন কাপের ম্যাচ থাকলে খেলোয়াড়রা আগের দিন নাকি ম্যাচের দিন ক্লাবের সঙ্গে যোগ দেবে, সে ব্যাপারেও সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। এগুলো ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে”, যোগ করেন তিনি।
ফেডারেশন কাপের দলসংখ্যা নিশ্চিত না হওয়ায় সূচিটাও হয়নি পুরোপুরি। সম্ভাব্য সূচিতে ২৫ ও ২৬ মে কোয়ার্টার-ফাইনাল হওয়ার কথা বললেও সেমি-ফাইনালের দিনক্ষণ জানাতে চাননি মুর্শেদী। তবে ফেডারেশন কাপের সম্ভাব্য ফাইনাল ৪ জুন বলে জানান তিনি।
ঢাকা ও চট্টগ্রামসহ মোট ছয় ভেন্যুতে প্রিমিয়ার লিগের ম্যাচ আয়োজনের পরিকল্পনাও হয় সোমবারের সভায়। এ মুহূর্তে কমিটির বিবেচনায় রয়েছে রাজশাহী, ময়মনসিংহ বা জামালপুর, সিলেট ভেন্যু। ঢাকার বাইরের ভেন্যুগুলোতে খেলার জন্য ক্লাবগুলোকে যাতায়াত ও আবাসন সুবিধা দেওয়া হবে বলেও জানান মুর্শেদী।
বাফুফে ১০ জুন প্রিমিয়ার লিগ আয়োজন করতে চাইলেও ফেডারেশন কাপ পেছালে পিছিয়ে যেতে পারে ঘরোয়া ফুটবলের সবচেয়ে মর্যাদার টুর্নামেন্ট।
