২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইতালির সেরা কোচ রানিয়েরি

লেস্টার সিটিকে প্রিমিয়ার লিগের শিরোপা জিতিয়ে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা চমকের জন্ম দেওয়া ক্লাওদিও রানিয়েরি ইতালির মৌসুম সেরা কোচের পুরস্কার পেয়েছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2016, 09:51 PM

Updated : 11 Oct 2022, 08:12 PM

মৌসুমের শুরুতে শিরোপা লড়াইয়ে ৫০০০:১ বাজির দর থাকা ‘পুঁচকে’ লেস্টারের দুই ম্যাচ হাতে রেখেই ইপিএলে চ্যাম্পিয়ন হওয়াটা রূপকথাকেও হার মানায়। অসাধারণ এই কীর্তির মূল কারিগর হওয়ায় রানিয়েরিকে ‘এনসো বেয়ারজত’ পুরস্কার দেওয়া হয়েছে।

১৯৮২ সালে ইতালিকে বিশ্বকাপ জিতিয়েছিলেন কোচ বেয়ারজত। ২০১০ সালে তার মৃত্যুর পরের বছর থেকে তার সম্মানে সেরা কোচের এই পুরস্কার চালু হয়। ইতালির মূল কিছু ক্রীড়া পত্রিকার প্রতিনিধিদের দিয়ে গড়া বিচারকদের ভোটে এই পুরস্কার দেওয়া হয়।  

এই সম্মান পেয়ে সোমবার রোমে আবারও ইপিএলে চ্যাম্পিয়ন হওয়ার অনুভূতি প্রকাশ করেন রানিয়েরি।

“আমরা যা করেছি, এখনও ঠিক তা আমি বুঝে উঠতে পারিনি। অবনমন এড়ানোর লক্ষ্যে আমরা শুরু করেছিলাম আর কি হয়েছে আপনারা দেখেছেন।”

“বেয়ারজতের সঙ্গে আমার কখনও দেখা হয়নি। তবে মানুষ আমাকে বলেছে যে, তারা আমার মধ্যে তার উদ্যম দেখতে পায়। এটা জেনে আমার বুক গর্বে ভরে গেছে।”