২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাকিতিচের চোখে ঘরোয়া ‘ডাবল’

বার্সেলোনার মৌসুম শেষ হতে আর দুটি ম্যাচ বাকি; জিতলেই পূর্ণ হবে ঘরোয়া ‘ডাবল’। লা লিগা আর কোপা দেল রের শিরোপা জিততে মরিয়া হয়ে আছে লু্ইস এনরিকের দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2016, 07:10 PM

Updated : 12 Apr 2022, 02:01 AM

নিজেদের মাঠ কাম্প নউয়ে গত রোববার নগর প্রতিদ্বন্দ্বী এসপানিওলকে ৫-০ গোলে উড়িয়ে দেওয়া বার্সেলোনা লা লিগার ৩৭ রাউন্ড শেষে ৮৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৮৭। 
 
শেষ রাউন্ডের ম্যাচটি জিতলেই শিরোপা ঘরে তুলবে বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনাল থেকে ছিটকে পড়া কাতালান ক্লাবটি এরই মধ্যে কোপা দেল রের ফাইনালে জায়গা করে নিয়েছে। আগামী ২২ মে সেভিয়ার বিপক্ষে ফাইনাল খেলবে তারা। 
 
এসপানিওলকে হারানোর পর বার্সেলোনার মিডফিল্ডার ইভান রাকিতিচ বলেন, “এখনও নিজেদের ভাগ্য আমরা নিজেরাই নিয়ন্ত্রণ করছি। আমরা লিগ আর কোপা দেল রে জিততে মরিয়া।”
 
এসপানিওলের বিপক্ষে ম্যাচের মতো নিজেদের সেরা খেলাটা খেলতে পারলে বার্সেলোনার পক্ষে ঘরোয়া ডাবল জেতা সম্ভব বলে মনে করেন রাকিতিচ। 
 
মাঝে কঠিন সময় কাটার পর বার্সেলোনা আবার সবকিছু ঠিক করে নিতে পেরেছে বলে মনে করেন ডিফেন্ডার জেরার্দ পিকে। তবে রিয়াল মাদ্রিদও ভালো খেলছে এবং চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠা দলটিরও লা লিগার শিরোপা প্রাপ্য বলে মনে করেন তিনি। 
 
লা লিগায় বার্সেলোনা তাদের শেষ ম্যাচটি খেলবে আগামী শনিবার গ্রানাদার বিপক্ষে। গত রোববার সেভিয়াকে ৪-১ গোলে হারিয়ে অবনমন এড়ানো নিশ্চিত করা দলটির বিপক্ষে ম্যাচটি সহজ হবে না বলে সতীর্থদের সতর্ক করে দেন মিডফিল্ডার সের্হিও বুসকেতস।
 
“এ মৌসুমে আমাদের দুটি ম্যাচ আছে। গ্রানাদা যদিও অবনমন এড়িয়েছে, তাদের সমর্থকদের সামনে দৃঢ় ফুটবল খেলবে তারা। তারা জিততে চাইবে। শিরোপা জিততে অনুপ্রাণিত হওয়ার জন্য অনেক বিষয় আছে আমাদের।”

পুরনো খবর:

মেসি-নেইমার-সুয়ারেসের গোলে শিরোপার পথে বার্সেলোনা