২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উয়েফা থেকে সরে দাঁড়াবেন প্লাতিনি

আন্তর্জাতিক ক্রীড়া আদালত ফুটবল সংক্রান্ত কর্মকাণ্ড থেকে মিশেল প্লাতিনির নিষেধাজ্ঞা তুলে না নিয়ে কেবল দুই বছর কমিয়েছে। ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের (উয়েফা) সভাপতির পদ থেকে তাই সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ফ্রান্সের এই কিংবদন্তি ফুটবলার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2016, 05:59 PM

Updated : 12 Apr 2022, 02:01 AM

২০১১ সালে প্লাতিনিকে ‘অবৈধ উপায়ে’ তখনকার ফিফা সভাপতি জেপ ব্লাটারের ২০ লাখ ইউরো দেওয়ার অভিযোগের সত্যতা মেলায় গত ডিসেম্বরে দুজনকেই আট বছরের নিষেধাজ্ঞা দিয়েছিল ফিফার এথিক্স কমিটি। একই অপরাধে প্লাতিনিকে ৮০ হাজার সুইস ফ্রাঁ জরিমানাও করা হয়।

পরে গত ফেব্রুয়ারিতে ফিফার আপিল কমিটি দুজনের ফুটবল সংক্রান্ত সব ধরনের কর্মকাণ্ড থেকে আট বছরের নিষেধাজ্ঞা কমিয়ে ছয় বছর করে।

কিন্তু আপিল কমিটির সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিল করেন তারা দুজনই।

তবে ‘অপরাধ করেও অনুতপ্ত না হওয়ায়’ এবং ফিফার ভাবমূর্তি নষ্ট করায় গত শুক্রবার আপিলের রায়ে প্লাতিনির নিষেধাজ্ঞা বহাল রাখে সিএএস। অবশ্য নিষেধাজ্ঞার মেয়াদ দুই বছর কমিয়ে চার বছর করা হয়। প্লাতিনির আর্থিক জরিমানাও কমিয়ে ৮০ হাজার সুইস ফ্রাঁ থেকে ৬০ হাজার সুইস ফ্রাঁ করে ক্রীড়ার সর্বোচ্চ এই আদালত।

এই রায়ের পরই টানা তিন বার ব্যালন ডি’অর জয়ী প্লাতিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানান।

প্লাতিনির আইনি দল এক বিবৃতিতে বলে, “উয়েফার আগামী কংগ্রেসে সংস্থাটির সভাপতির পদ থেকে সরে দাঁড়াবেন মিশেল প্লাতিনি।”