২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লেভান্তের কাছে হেরে আশা শেষ আতলেতিকোর

একই সময় চলা ম্যাচে দুই প্রতিপক্ষ বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদে জয় পেলেও হেরে গেছে আতলেতিকো মাদ্রিদ। লেভান্তের কাছে ২-১ গোলের এই হারে শিরোপা লড়াই থেকেই ছিটকে গেছে দিয়েগো সিমেওনের দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2016, 11:51 PM

Updated : 11 Oct 2022, 08:12 PM

পুরনো খবর:

মেসি-নেইমার-সুয়ারেসের গোলে শিরোপার পথে বার্সেলোনা
কষ্টের জয়ে শিরোপা লড়াইয়ে থাকল রিয়াল

লেভান্তের মাঠে রোববার অবশ্য দুর্দান্ত শুরু করেছিল আতলেতিকো। ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে আসা গোলরক্ষকের মাথার উপর দিয়ে ঠাণ্ডা মাথায় বল জালে পৌঁছে দেন স্পেনের ফরোয়ার্ড ফের্নান্দো তরেস।

২২তম মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল আতলেতিকো। কর্নার থেকে পোস্টের খুব কাছে দাঁড়ানো তরেস বলে মাথা ছোঁয়াতে পারেননি।

৩০তম মিনিটে সমতায় ফেরে লেভান্তে। ডান প্রান্ত থেকে পাওয়া এক ক্রস থেকে দারুণ গতিময় এক হেডে বল জালে জড়ান দলটির স্প্যানিশ ফরোয়ার্ড ভিক্তর কাসাদেসুস। 

৭৪তম মিনিটে এগিয়ে যাওয়ার ভালো একটি সুযোগ হারায় আতলেতিকো। বক্সের মধ্যে কারমেন কারাসকো দারুণ এক পাস দেন অঁতোয়ান গ্রিজমানকে। কিন্তু ফরাসি এই ফরোয়ার্ডের নেওয়া জোরালো শট অসাধারণ দক্ষতায় ফিরিয়ে দেন লেভান্তের গোলরক্ষক।

আতলেতিকোর কফিনে পেরেক ঠুকে দিয়ে লেভান্তের জয়সূচক গোলটি শেষ মিনিটে করেন জুজেপ্পে রস্সি। বাঁ প্রান্ত থেকে বক্সের মধ্যে পাস পেয়ে জালে শট নেন ৮০তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামা ইতালির এই ফরোয়ার্ড।

কাম্প নউয়ে বার্সেলোনা ৫-০ গোলে উড়িয়ে দেয় নগর প্রতিদ্বন্দ্বী এসপানিওলকে। আর রিয়াল মাদ্রিদ নিজেদের মাঠে ভালেন্সিয়াকে হারায় ৩-২ গোলে। আতলেতিকো ছিটকে পড়ায় শেষ রাউন্ডে এই দুই দলের মধ্যেই হবে শিরোপার ফয়সালা।

আতলেতিকোর অবশ্য মৌসুমের সবচেয়ে বড় শিরোপা জয়ের সুযোগ এখনও আছে। আগামী ২৮ মে মিলানে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তাদের প্রতিপক্ষ নগর প্রতিবেশী রিয়াল।

লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষ ৫ দল

দল

ম্যাচ

জয়

ড্র

হার

গোল পার্থক্য

পয়েন্ট

বার্সেলোনা

৩৭

২৮

৪

৫

৮০

৮৮

রিয়াল মাদ্রিদ

৩৭

২৭

৬

৪

৭৪

৮৭

আতলেতিকো মাদ্রিদ

৩৭

২৭

৪

৬

৪৩

৮৫

ভিয়ারিয়াল

৩৭

১৮

১০

৯

১১

৬৪

সেল্তা ভিগো

৩৭

১৭

৯

১১

-৬

৬০