তত্তির মাইলফলকের ম্যাচে রোমার জয়
ইতালির সেরি আতে ফ্রান্সেসকো তত্তির ৬০০তম ম্যাচ খেলার দিনে কিয়েভোকে ৩-০ গোলে হারিয়েছে তার ক্লাব এএস রোমা।
রোববার নিজেদের মাঠে অষ্টাদশ মিনিটে রোমাকে এগিয়ে দেন বেলজিয়ামের মিডফিল্ডার রাদজা নাইনগোলান। প্রথমার্ধেই ব্যবধান দ্বিগুণ করেন জার্মানির ডিফেন্ডার আন্টোনিও রুডিগার।
তত্তির অসাধারণ এক পাস থেকে ৮৫তম মিনিটে ব্যবধান ৩-০ করেন মিরালেম পিয়ানিচ।
এদিন ৫৯তম মিনিটে বদলি হিসেবে নামা ৩৯ বছর বয়সী তত্তি সেরি আতে তার সবকটি ম্যাচই খেলেন রোমার হয়ে।
এই জয়ে ৩৭ ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রোমা। আর এরই মধ্যে শিরোপা নিশ্চিত করে ফেলা ইউভেন্তুসের পয়েন্ট ৮৮।
অন্যদিকে এসি মিলান বোলোনিয়ার মাঠ থেকে ১-০ গোলের হার নিয়ে ফেরে। ৩৭ ম্যাচে ৫৭ পয়েন্ট তাদের।
সেরি আর শীর্ষ দুই দল আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে সরাসরি খেলবে। তৃতীয় দলটিকে আসতে হবে প্রিলিমিনারি রাউন্ড খেলে। চতুর্থ স্থানে থাকা দলটি সরাসরি খেলবে ইউরোপা লিগে। পঞ্চম দলটি ইউরোপা লিগের প্রিলিমিনারি রাউন্ড খেলবে। ষষ্ঠ দলটির প্রিলিমিনারি রাউন্ডে খেলা নির্ভর করবে ঘরোয়া কাপের ফলের উপর।
