২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিল বিশ্বকাপের হতাশা ভোলার চেষ্টায় স্পেন

ইউরোর শিরোপা ধরে রাখার লক্ষ্যে প্রস্তুত হচ্ছে স্পেন। কিন্তু ব্রাজিল বিশ্বকাপে চরম ব্যর্থতার সেই হতাশা এখনও ভুলতে পারেনি ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়নরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2016, 07:25 PM

Updated : 11 Oct 2022, 08:12 PM

টানা দুটি ইউরো ও একটি বিশ্বকাপ জেতার আত্মবিশ্বাস নিয়েই ২০১৪ সালে ব্রাজিলে পা রাখে স্পেন। কিন্তু নেদারল্যান্ডসের কাছে ৫-১ গোলে বিধ্বস্ত হওয়ার পর চিলির কাছে ২-০ ব্যবধানে হেরে গ্রুপ পর্ব থেকেই ছিটকে পড়ে তারা।

ফ্রান্সের মাটিতে আগামী ১০ জুন শুরু হবে ইউরোর এবারের আসর। বাছাইপর্বে গ্রুপের সেরা দল হয়েই মূল পর্বের টিকেট নিশ্চিত করে স্পেন, বাছাইয়ের ১০ ম্যাচের ৯টিতেই জিতে তারা। কিন্তু ২০১৪ সালের বিশ্বকাপের পর সাতটি প্রীতি ম্যাচের মাত্র দুটিতে জিতেছে ভিসেন্তে দেল বস্কের দল।

সম্প্রতি আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলোকে দেওয়া এক সাক্ষাৎকারে গত বিশ্বকাপে দলের পারফরম্যান্স প্রসঙ্গে দেল বস্ক বলেন, “ব্রাজিলে ঘটা সব কিছু খুবই হতাশার ছিল।”

তবে বিশ্বকাপের ফল হতাশার হলেও দলের সামগ্রিক পারফরম্যান্স সন্তোষজনক বলেই বিশ্বাস দেল বস্কের।

“(বিশ্বকাপের ফল) এক পাশে সরিয়ে আমাদের বাছাইপর্বে চোখ রাখুন, আমরা এক ম্যাচ হেরেছি এবং ৯টি জিতেছি। এরপর আমাদের কঠিন দলের বিপক্ষে ম্যাচ ছিল, আমরা হল্যান্ডের কাছে হারলেও ইংল্যান্ডকে হারিয়েছি। আমরা কম ব্যবধানে হেরেছি, আমরা খুব কাছাকাছি ছিলাম।"

ইউরোয় টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে আগামী ১৩ জুন গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে খেলবে স্পেন। ‘ডি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ তুরস্ক ও ক্রোয়েশিয়া।