২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সান্ডারল্যান্ডের মাঠে চেলসির হার

দুর্বল সান্ডারল্যান্ডের বিপক্ষে দুবার এগিয়ে গিয়েও অঘটনের শিকার হয়েছে চেলসি। প্রিমিয়ার লিগের ম্যাচে গতবারের চ্যাম্পিয়নদের ৩-২ গোলে হারিয়ে দিয়েছে অবনমন এড়ানোর লড়াইয়ে থাকা দলটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2016, 10:19 PM

Updated : 11 Oct 2022, 08:12 PM

দারুণ এই জয়ে ৩৬ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে অবনমন অঞ্চল থেকে বের হয়ে ১৭তম স্থানে উঠেছে সান্ডারল্যান্ড। সমান ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে চেলসি।

অন্য ম্যাচে অবনমন নিশ্চিত হয়ে যাওয়া অ্যাস্টন ভিলার সঙ্গে গোলশূন্য ড্র করে ৩৭ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে ১৮তম স্থানে নেমে গেছে নিউক্যাসল ইউনাইটেড।  

প্রতিপক্ষের মাঠে শনিবার পঞ্চদশ মিনিটে দিয়েগো কস্তার নৈপুণ্যে এগিয়ে যায় চেলসি। গ্যারি কাহিলের পাস প্রতিপক্ষের এক খেলোয়াড়ের পায়ে লাগার পর পেয়ে যান কস্তা। দুরূহ কোণ থেকে প্রথম শটেই দূরের পোস্ট দিয়ে গোলরক্ষককে পরাস্ত করেন স্পেনের এই স্ট্রাইকার।

৪১তম মিনিটে চমৎকার এক গোলে সমতায় ফেরে সান্ডারল্যান্ড। প্রায় ২৫ গজ দূর থেকে কোনাকুনি এক ভলিতে বল জালে জড়ান ফরাসি মিডফিল্ডার ওয়াহবি খাজরি।

সান্ডারল্যান্ডের সমতায় ফেরার স্বস্তি অবশ্য বেশিক্ষণ থাকেনি; এই অর্ধের যোগ করা সময়ের শেষ মুহূর্তে ডি বক্সের মধ্যে বল পেয়ে কোনাকুনি শটে চেলসিকে ফের এগিয়ে দেন সার্বিয়ার মিডফিল্ডার নেমানিয়া মাতিচ।

৬২তম মিনিটে ব্যবধান বাড়িয়ে জয় প্রায় নিশ্চিত করে ফেলতে পারতেন কস্তা, কিন্তু ছয় গজ বক্সের বাইরে ফাঁকায় বল পেয়েও গোলরক্ষকের বাধা এড়াতে পারেননি তিনি।

এরপর তিন মিনিটের ব্যবধানে দুই গোল করে দারুণভাবে ঘুরে দাঁড়ায় সান্ডারল্যান্ড। ৬৭তম মিনিটে ডি-বক্সের ঠিক বাইরে থেকে জোরালো শটে দলকে সমতায় ফেরান ইতালির ফরোয়ার্ড ফাবিও বোরিনি, গোলরক্ষক থিবো করতোয়া বলে হাত লাগালেও প্রতিহত করতে পারেননি। আর ৭০তম মিনিটে ডি বক্সের মধ্যে থেকে একইরকম জোরালো শটে গোলরক্ষককে পরাস্ত করে সমর্থকদের উল্লাসে ভাসান ইংলিশ ফরোয়ার্ড জারমেইন ডিফো।

পিছিয়ে পড়ে গোল পেতে মরিয়া চেলসি খানিক পরেই সমতায় ফিরতে পারতো; তবে উইলিয়ানের দারুণ ফ্রি-কিক সান্ডারল্যান্ড গোলরক্ষক কোনোমতে কর্নারের বিনিময়ে ঠেকালে আর সাফল্য মেলেনি তাদের।

দিনের প্রথম ম্যাচে নরিচ সিটিকে ১-০ গোলে হারায় চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়ার লড়াইয়ে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড। ৩৬ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে লুই ফন খালের শিষ্যরা।