ভালেন্সিয়া ম্যাচে ফিরছেন বেনজেমা
চোটের কারণে ভালেন্সিয়ার বিপক্ষে খেলতে পারবেন না রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড গ্যারেথ বেল। তবে চোট কাটিয়ে এই ম্যাচ দিয়ে দলে ফিরতে যাচ্ছেন ফরাসি তারকা করিম বেনজেমা।
নিজেদের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে ম্যাচটি হবে আগামী রোববার বাংলাদেশ সময় রাত ৯টায়।
ম্যাচের আগের দিনের সংবাদ সম্মেলনে রিয়ালের কোচ জিনেদিন জিদান বলেন, “বেনজেমা আমাদের সঙ্গে থাকবে, সে খেলার জন্য তৈরি।”
“আমি নিশ্চিত নই কিভাবে (সে শুরুর একাদশে থাকবে, নাকি বেঞ্চে থাকবে), সে কী রকম অনুভব করে তার উপরে এটা নির্ভর করে।"
চোটের কারণে তিনটি ম্যাচে বিশ্রাম নেওয়ার পর চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের দ্বিতীয় পর্বে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফেরেন রিয়ালের সবচেয়ে বড় তারকা ক্রিস্তিয়ানো রোনালদো। ভালেন্সিয়ার বিপক্ষে তিনি খেলবেন বলে জানান জিদান।
“ভালো থাকলে ক্রিস্তিয়ানো খেলবে। আমার কাছে মনে হয়, সে ঠিক অবস্থায় আছে। ফাইনালের জন্য (চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল) প্রস্তুতি নেওয়ার সেরা উপায় হচ্ছে শেষ দুটি ম্যাচ খেলা।”
৩৬ রাউন্ড শেষে ৮৫ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে আছে বার্সেলোনা। মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে থাকায় সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আতলেতিকো মাদ্রিদ। তৃতীয় স্থানে থাকা রিয়ালের পয়েন্ট ৮৪।
পরিস্থিতি বিবেচনা করে জিদান বলেন, নিজেদের ম্যাচগুলো জেতার সঙ্গে অন্যদের ফলের দিকে তাকিয়ে থাকতে হবে তাদের।
“দুটি ম্যাচ, আগামীকালের ম্যাচটি খুব কঠিন হবে। আমাদের জিতে যেতে হবে এবং এর পর দেখতে হবে কী ঘটে। আমরা জানি যে, আমরা এক পয়েন্ট পিছিয়ে আছি। শেষ ম্যাচের শেষ সেকেন্ড পর্যন্ত বিশ্বাস আছে আমার।”
