২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষমা চাইবেন মামুনুল

দলবদলের জটিলতায় খেলার মাঠে নেই; ওদিকে শৃঙ্খলাভঙ্গের জন্য গত মার্চ থেকে জাতীয় দলেও নিষিদ্ধ। তবে মামুনুল ইসলামের জন্য শনিবার দিনটি ছিল অন্যরকম আনন্দে ভরা। তার নতুন দল চট্টগ্রাম আবাহনী জিতেছে স্বাধীনতা কাপের শিরোপা। একই দিনে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) দিয়েছে তাকেসহ নিষিদ্ধ চার ফুটবলারকে জাতীয় দলে ফেরানোর ইঙ্গিত। দুটি খুশির উপলক্ষ পাওয়ার দিনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মামুনুল জানালেন, ক্ষমা চেয়ে বাফুফেকে চিঠি দেওয়ার কথা।

মোহাম্মদ জুবায়ের মোহাম্মদ জুবায়ের

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2016, 09:52 PM

Updated : 12 Apr 2022, 02:00 AM

এখন কোথায়? কি করছেন?

মামুনুল: এই মাত্র টিমের সঙ্গে হোটেলে ফিরলাম। দল শিরোপা জিতল (স্বাধীনতা কাপ); সতীর্থদের সঙ্গে মজা করছি।

জাতীয় দলে ফেরার দরজা খুলছে আপনার। ন্যাশনাল টিমস কমিটির চেয়ার‌ম্যান জানিয়েছেন, আপনারা ক্ষমা চাইলে তারা বিষয়টি বিবেচনা করবেন।

মামুনুল: শুনেছি। দেখুন আমরাও মানুষ। মানুষেরই ভুল হয়। আমরা যদি ভুল করে থাকি, তাহলে তারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আশা করি, পরবর্তীতে এরকম ভুল আর হবে না।

এমন নিশ্চয়তা দিচ্ছেন কিভাবে?

মামুনুল: কেননা এখন আমরা বাইলজ সম্পর্কে সবকিছু জানি। আমরা যদি খারাপ কিছু বলি তাহলে আমরা জানি, এটা আমাদের কাল হবে। তবে এখন খারাপ-ভালো নিয়ে ভাবছি না। আশা করি, তারা আমাদের অতীতের বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। দেশকে দেওয়ার জন্য, ভালো করার জন্য ফিরতে মুখিয়ে আছি।

আপনি আর জাহিদ এক বছরের জন্য নিষিদ্ধ। আর ইয়াসিন ও সোহেলের নিষেধাজ্ঞা ছয় মাসের। জাহিদ স্বাধীনতা কাপে খেলেছে। আপনি তাও পারেননি। গত মার্চের পর থেকে সময়টা আসলে কেমন গেলো?

মামুনুল: খুবই খারাপ সময় গেছে। তবে এই খারাপ সময় থেকেও আমি অনেক কিছু শিখেছি। আশা করি, এটা ভবিষ্যতে কাজে লাগবে।

জাতীয় দলের ফেরার সম্ভাবনা জেগে ওঠায় কেমন লাগছে?

মামুনুল: খুব ভালো লাগছে। আবার সম্মান নিয়ে ফিরছি। জাতীয় দলের দরজা আমাদের জন্য আবার খুলছে। (বাফুফে) আমাদের সুযোগ না দিলেও কিছু করার থাকত না। সালাউদ্দিন ভাই, নাবিল ভাইসহ সবাইকে ধন্যবাদ। তারা নতুনভাবে আমাদের সুযোগ দিচ্ছেন; আমাদেরও দায়িত্ব থাকবে দেশকে আরও ভালো কিছু দেওয়ার।

ফেরার এই প্রক্রিয়া শুরু করবেন কবে?

মামুনুল: কাল বাফুফেকে চিঠি দেব।

কিন্তু এই ক্ষমা চেয়ে চিঠি দেওয়া তো অপরাধ মেনে নেওয়া। এর আগে আপনি একাধিকবার নিজেকে নির্দোষ দাবি করেছিলেন।

মামুনুল: এসব নিয়ে আর কোনো কথা বলব না। অপরাধ করেছি, বা করিনি এগুলো এখন আর আলোচনা করতে চাই না। এতদিন ধরে দেশের জার্সিতে খেলছি। জাতীয় দল থেকে আমরা সম্মান নিয়ে বিদায় নিতে চাই। এভাবে নিশ্চয় চলে যেতে চাই না।

জাতীয় দলে লোডভিক ডি ক্রুইফকে ফিরিয়ে আনার সিদ্ধান্তের কথা শুনেছেন?

মামুনুল: এটা ম্যানেজমেন্টের ব্যাপার। যদি তারা ক্রুইফের কাছ থেকে ভালো কিছু আদায় করে নিতে পারে, তাহলে ভালো হবে। তবে আমার মনে হয়, বারবার কোচ বদলের চেয়ে একজন কোচ দীর্ঘমেয়াদে থাকা দলের জন্য ভালো।