২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসপানিওলকে সামলাতে রেফারিকে এনরিকের আহবান

এসপানিওলের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলটির ‘সহিংস মনোভাব’ নিয়ে তেমন চিন্তিত নন লুইস এনরিকে। বার্সেলোনা কোচের বিশ্বাস, রেফারি কাতালুনিয়ার দুই দলের মধ্যকার লড়াইয়ে পরিস্থিতি সামাল দিতে পারবেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2016, 09:15 PM

Updated : 12 Apr 2022, 02:00 AM

গত জানুয়ারিতে দুই সপ্তাহের মধ্যে তিন বার মুখোমুখি হয়েছিল দল দুটি। লিগে এসপানিওলের মাঠে গোলশূন্য ড্রয়ের পর কোপা দেল রেতে তাদের হারিয়েই কোয়ার্টার-ফাইনালে ওঠে বার্সেলোনা।

কোপা দেল রের দুই লেগের ওই লড়াইয়ে মোট ১৩টি হলুদ কার্ড ও দুটি লাল কার্ডের প্রথম ম্যাচের ৭২তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় এসপানিওলের মিডফিল্ডার হের্নান পেরেসকে। এর তিন মিনিট পর সুয়ারেসকে উদ্দেশ করে বাজে মন্তব্য করায় সরাসরি লাল কার্ড দেখেন দলটির সেনেগালের মিডফিল্ডার পাপে দিয়োপ। আর ম্যাচ শেষে টানেলে প্রতিপক্ষের খেলোয়াড়দের উত্ত্যক্ত করার অপরাধে লুইস সুয়ারেস দুই ম্যাচে নিষিদ্ধ হন।

আগামী রোববার কাম্প নউয়ে হতে যাওয়া এই দুই দলের মধ্যে লিগের দ্বিতীয় পর্বের ম্যাচের আগে তাই ঘুরে ফিরে আসছে জানুয়ারির স্মৃতি। এনরিকে অবশ্য পুরনো সে ঘটনার পুনরাবৃত্তির সম্ভাবনা নিয়ে চিন্তিত নন। 

“এসপানিওলের সহিংস মনোভাব নিয়ে আমি চিন্তিত নই। এটা সামাল দেওয়ার দায়িত্ব রেফারির।”

“আমি শুধু ফুটবল সম্পর্কিত বিষয় নিয়েই ভাবছি। এটা অন্যান্য ম্যাচের মতোই। ডার্বি হওয়ায় অতিরিক্ত প্রেরণা থাকবেই এবং এটা লড়াকু একটা ম্যাচ হবে। কিন্তু আমাদের লক্ষ্যে পৌঁছানোটাই আসল ব্যাপার।”

৩৬ রাউন্ড শেষে ৮৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট সমান হলেও মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে তারা। তৃতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৮৪।

এমন অবস্থায় শেষ দুই রাউন্ডে পয়েন্ট হারালেই শিরোপা লড়াই থেকে ছিটকে পড়তে পারে গত বারের চ্যাম্পিয়নরা।