ভালেন্সিয়ার বিপক্ষে ‘কঠিন’ ম্যাচ রিয়ালের
রিয়াল মাদ্রিদে সেই একই মন্ত্র-নিজেদের সব ম্যাচগুলো আগে জিততে হবে, এর পর থাকতে হবে অন্যদের হোঁচটের অপেক্ষায়। লা লিগায় বাকি থাকা দুই ম্যাচের প্রথমটিতে ভালেন্সিয়ার বিপক্ষে খেলবে স্পেনের সফলতম ক্লাবটি। আর এই ম্যাচে জয় পাওয়া সহজ হবে না বলেই মনে করেন রিয়ালের কোচ জিনেদিন জিদান।
নিজেদের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে রিয়াল ম্যাচটি খেলতে নামবে আগামী রোববার বাংলাদেশ সময় রাত ৯টায়। একই দিন একই সময়ে মাঠে নামবে শিরোপা লড়াইয়ে তাদের অন্য দুই প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা আর আতলেতিকো মাদ্রিদও।
৩৬ রাউন্ড শেষে ৮৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে থাকায় সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আতলেতিকো। তৃতীয় স্থানে থাকা রিয়ালের পয়েন্ট ৮৪।
গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে রিয়ালে পড়েছে চোটের থাবা। সবশেষ তিন ম্যাচে অসাধারণ খেলে দলকে জেতানো ওয়েলসের ফরোয়ার্ড গ্যারেথ বেলকে পাচ্ছেন না জিদান। ভালেন্সিয়ার বিপক্ষে খেলতে পারবেন না ডিফেন্ডার দানি কারবাহাল আর গোলরক্ষক কেইলর নাভাসও। তিনজনই চোট পান ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের দ্বিতীয় পর্বের ম্যাচে।
রিয়াল শিবিরে অবশ্য করিম বেনজেমাকে ফিরে পাওয়ার স্বস্তি আছে। চোটের কারণে সিটির বিপক্ষে ম্যাচটিতে খেলতে পারেননি ফরাসি এই ফরোয়ার্ড। খেলবেন চোট কাটিয়ে সিটি ম্যাচ দিয়েই মাঠে ফেরা দলের সবচেয়ে বড় তারকা ক্রিস্তিয়ানো রোনালদোও।
সব কিছু মিলিয়েই হয়ত শিষ্যদের সতর্ক করে দেন জিদান।
“দুটি ম্যাচ, আগামীকালের ম্যাচটি খুব কঠিন হবে। আমাদের জিতে যেতে হবে এবং এর পর দেখতে হবে কী ঘটে। আমরা জানি যে, আমরা এক পয়েন্ট পিছিয়ে আছি। শেষ ম্যাচের শেষ সেকেন্ড পর্যন্ত বিশ্বাস আছে আমার।”
৩৬ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে নবম স্থানে থাকা ভালেন্সিয়া রিয়াল ম্যাচের আগে অনুপ্রেরণা খুঁজতে পারে চলতি মৌসুমে লিগের প্রথম পর্বে ২-২ গোলের ড্র থেকে। তবে সবশেষ ম্যাচে নিজেদের মাঠে ভিয়ারিয়ালের কাছে ২-০ গোলে হেরে যাওয়ায় তাদের আত্মবিশ্বাসটা এই মুহূর্তে তলানিতেই আছে।
