মোহামেডানকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আবাহনী
ক্লাব কাপ হকিতে দেশের দুই ঐতিহ্যবাহী দলের লড়াইয়ে জিতেছে আবাহনী লিমিটেড। মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ৪-২ ব্যবধানে হারিয়ে গ্রুপ সেরাও হয়েছে আবাহনী।
চার ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে 'খ' গ্রুপের সেরা আবাহনী আগামী শনিবার ‘এ’ গ্রুপের রানার্সআপ মেরিনার ইয়াংসের বিপক্ষে সেমি-ফাইনাল খেলবে। এর আগের দিন ফাইনালে ওঠার লড়াইয়ে মোহামেডান মুখোমুখি হবে গত আসরের সেরা ঊষা ক্রীড়া চক্রের।
মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে বুধবার ম্যাচের প্রথমার্ধে পাঁচ মিনিটের মধ্যে তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় আবাহনী।
ষষ্ঠ মিনিটে রুম্মান সরকারের ক্রসে মাকসুদ আলম হাবুলের ফ্লিক ঠিকানা খুঁজে পায়। অষ্টম মিনিটে মোহামেডানের রক্ষণের ঢিলেমির সুযোগে ব্যবধান দ্বিগুণ করেন শাফকাত রসুল। রুম্মানের শট ফেরালেও বিপদমুক্ত করতে পারেনি গোলরক্ষক জাহিদ হোসেন, সামনে থাকা পাকিস্তানের শাফকাত সুযোগটি কাজে লাগাতে ভুল করেননি।
একাদশ মিনিটে ডান দিক থেকে বিপ্লবের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে হাবুলের উদ্দেশে পুশ করেন রুম্মান, রিভার্স শটে দ্বিতীয় গোলটি করেন হাবুল।
২৫তম মিনিটে পেনাল্টি কর্নারের সুযোগ নষ্ট করে মোহামেডান; রুবেল হোসেনের পুশ কামরুজ্জামান রানার স্টপ আসাদুজ্জামন চন্দনের শট রুখে দেন গোলরক্ষক। শেষ দিকে পেনাল্টি কর্নারের সুযোগ কাজে লাগাতে না পারলেও ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় আবাহনী।
দ্বিতীয়ার্ধে রুবেল হোসেনের গোলে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় মোহামেডান। কিন্তু রুম্মান লক্ষ্যভেদ করলে স্কোরলাইন ৪-১ করে নেয় আবাহনী। পরে দ্বীন ইসলাম গোল করলেও তা কেবল হারের ব্যবধান কমায়।
দিনের প্রথম ম্যাচে সোনালী ব্যাংক এসআরসি ৬-২ ব্যবধানে হারায় ওয়ারী ক্লাবকে। তবে জিতলেও 'খ' গ্রুপ থেকে ওয়ারীর মতো বিদায় নিয়েছে সোনালী ব্যাংকও।
