২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সারা জীবন দেশের হয়ে খেলতে চায় তহুরা

বাফুফের সংবর্ধনা নিতে গিয়ে সেরা গোলদাতার স্বীকৃতির স্মারকটি একটি বারের জন্যও হাতছাড়া করেনি তহুরা খাতুন। পুরস্কারটি আঁকড়ে ধরেই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ছোট্ট মেয়েটি জানালো সারা জীবন দেশের হয়ে খেলতে চাওয়ার স্বপ্নের কথা।

মোহাম্মদ জুবায়ের মোহাম্মদ জুবায়ের

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2016, 02:26 AM

Updated : 11 Oct 2022, 08:11 PM

এএফসি অনূর্ধ্ব-১৪ মেয়েদের (দক্ষিণ ও মধ্যাঞ্চল) আঞ্চলিক চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখার কাজটি অনেক সহজ হয়েছে তহুরার পায়ের জাদুতে। দলের এই প্রাণভোমরা করেছে ১০ গোল, যার মধ্যে দুটো দারুণ হ্যাটট্রিক। এর মধ্যে একটি আবার দুশানবের অ্যাভিয়েটর স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ফাইনালে। তাজিকিস্তানের এই আসরে সর্বোচ্চ গোলদাতার সম্মান ময়মনসিংহের কলসিন্দুর গ্রামের এই ছোট্ট মেয়েটিকে স্বপ্ন দেখাচ্ছে আরও বড় ফুটবলার হয়ে ওঠার।

‘আরও ভালো ফুটবলার হতে চাই’

তাজিকিস্তান যাওয়ার আগে মাস দুয়েকের অনুশীলন ক্যাম্পে বিকেএসপিতে এক অর্থে ‘মার্শাল ল’ জারি করেন কোচ। বাবা-মায়ের সঙ্গে দেখা করা যাবে না; কথা বলা যাবে না। সকাল-বিকাল অনুশীলন। শৃঙ্খলা নিয়ে নেই কোনো আপোশ। এত কড়া অনুশাসনেও ছোট্ট তহুরার মনটা কখনও হাপিয়ে ওঠেনি।

“বাবা-মায়ের কথা মনে পড়ত, কিন্তু এগুলো খেলায় কোনো প্রভাব ফেলেনি। কেননা, আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। আরও ভালো ফুটবলার হতে চাই। এখন যেমনটা আছি; তাতে পুরোপুরি খুশি না। যখন স্কুলে যাই, তখন আমাকে সবাই কলসিন্দুরের মেসি বলে ডাকে, রাস্তা দিয়ে গেলেও এই নামে ডাকে, তখন খুব ভালো লাগে।”

তহুরার চাওয়ার তালিকাটাও একেবারে ছোট নয়। এই মুহূর্তে বর্তমান বিশ্বের অন্যতম সেরা তারকা লিওনেল মেসির সঙ্গে দেখা হলে ভীষণ খুশি হবে সে। নিয়মিত ভালো খাবার আর আরও ভালো ফুটবলার হয়ে ওঠার জন্য বাফুফের কাছে চাওয়া ‘দীর্ঘমেয়াদী ক্যাম্প’, সহকারী কোচ মাহবুবুর রহমান লিটু প্রতি ম্যাচের আগে চুল স্পাইক করে দিক আর বলুক-তুই গোল পাবি। কড়া শাসন আর স্নেহ দিয়ে আগলে রাখুন ‘ছোটন স্যার’।

তহুরার এত চাওয়ার ভীড়ে সবচেয়ে বড় যেটা, সেটা হলো, “আরও ভালো ফুটবলার হতে চাই। সারাজীবন দেশের হয়ে খেলতে চাই আমি।”

‘ওরা বলে মেয়েরা ফুটবল খেললে গুনা হবে’

অথচ শুরু দিকে তহুরার চারদিকে ছিল প্রতিবন্ধকতার দেয়াল; এর মধ্যে ঝাঁঝালো যে কথাটি বেশি কানে বাজত, মেয়েরা ফুটবল খেললে ‘গুনা’ হবে! মাত্র ১৩ বছর বয়সী ছোট্ট মেয়েটি এসব বোঝে না, বোঝে ফুটবল। প্রতিবন্ধকতায় দেয়াল তাই ভালো লাগার ফুটবল দিয়ে ভেঙেছে সে।

“আমরা যেখানে খেলি, সেখানকার অনেক মানুষ ‘না’ করে, বলে ফুটবল খেললে ‍গুনা হবে। এটা কোনো খেলা নয়, এটা কি মেয়েরা খেলে নাকি? গ্রামের মানুষ অনেক কথাই বলে। তারা বলে মেয়েরা যদি ফুটবল খেলে, তাহলে খারাপ হয়ে যাবে।”

৫ বোন, ১ ভাই আর বাবা-মা; সব মিলিয়ে বড় সংসার। কৃষক বাবার সংসারে অভাব ছিল, গোঁড়ামি ছিল না। কিন্তু চারপাশের চাপে তহুরার ফুটবলার হওয়ার অদম্য ইচ্ছাটাও অঙ্কুরেই বিনষ্ট হওয়ার দশা। ভাগ্যিস তা ভেসে যায়নি!

“কিন্তু অনেক ইচ্ছা ছিল ফুটবলার হব। ক্ষেতের মধ্যে আমরা ছোট বেলায় খেলতাম। ২০১১ সাল থেকে বঙ্গমাতা স্কুল টুর্নামেন্টে খেলি। শুরুতে বাবা-মাও এটা পছন্দ করত না। কিন্তু এখন করে। মাঝে সাংবাদিকরা আমাদের বাড়িতে গিয়েছিল, ময়মনসিংহে আমার একজন কাকা আছে, তিনি শহরে থাকেন, শিক্ষিত, তার কথা সবাই শোনে। সেও বাবা-মাকে বলছে, খেললে কি? খেললে কি কেউ খারাপ হয়?”

দিনগুলো এখন প্রশংসায় ঠাসা

পেছনের দিনগুলো নিয়ে এখন আর ভাবার সময় নেই তহুরার। বল পায়ে আলো ছড়াচ্ছে সপ্তম শ্রেণিতে পড়া মেয়েটি; সেই আলোয় আলোকিত হচ্ছে বাংলাদেশ; কলসিন্দুর গ্রামটিও। রাস্তায় বেরুলে, স্কুলের পথে রওনা দিলে এখন প্রায়ই দাঁড়াতে হয় ফুটবলপ্রেমীদের নানা প্রশ্নের উত্তর দিতে।

“আগে তো কেউ চিনত না; কিছু বলতও না। কিন্তু এখন বাইরে বের হলো ডাকে, প্রশ্ন করে সামনে কোনো খেলা আছে কিনা? তোরা জিতেছিস কিনা? অনেক প্রশ্ন করে। এখন অনেক মুরুব্বিও বলে-তোমার জন্য আমার দোয়া আছে। আরও ভালো করে খেলো।”