২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেলা, ক্লাব আর জাতীয় দলে প্রাধান্য সালাউদ্দিনের

৩০ এপ্রিলের নির্বাচনে জয়ের পর স্বস্তি ফিরেছে কাজী সালাউদ্দিনের চোখে-মুখে। নির্বাচনের পর সোমবার প্রথম সংবাদ সম্মেলনে তাই আগামীর পরিকল্পনা সম্পর্কে কিছুটা ধারণা দিলেন শেষবারের মতো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতির দায়িত্ব পালনের ঘোষণা দেওয়া সাবেক এই তারকা ফুটবলার। সংবাদ সম্মেলন ও প্রশ্ন-উত্তর পর্বে জানালেন জেলা, ক্লাব ও জাতীয় দল নিয়ে পরিকল্পনার কথা।

মোহাম্মদ জুবায়ের মোহাম্মদ জুবায়ের

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2016, 08:13 PM

Updated : 11 Oct 2022, 08:10 PM

বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ মেয়েরা এএফসির আসরে সেরা হয়েছে। আপনি নির্বাচনে জেতার পরই সুখবরটা এসেছে।

সালাউদ্দিন: আমরা কাজ শুরু করেছি অনেক আগে, চেষ্টা করছি। এটা (আরও) উন্নত করতে সময় লাগবে। আপনারা জানতে পেরেছেন অনূর্ধ্ব-১৪ চ্যাম্পিয়ন হয়েছে। আমরা যে কাজ করেছি, সেটা আপনারা দেখতে পাচ্ছেন।

আপনারা একটু ধৈর্য্য ধরুন, এখানে যারা আছে তারা সবাই ফুটবল সংগঠক, ফুটবল নিয়ে কাজ করার অভিজ্ঞতা আমাদের চেয়ে বেশি কারো নেই, আগ্রহও কারো নেই। যদি সরকার, মানুষ সমর্থন করে, আমরা যদি কাজ করি, তাহলে এই বাচ্চারা যেমন চ্যাম্পিয়ন হয়েছে, এক দিন না এক দিন আরও চ্যাম্পিয়ন হওয়ার খবর আমরা আপনাদের দিতে পারব।

গত আট বছরে ছেলেদের তুলনায় মেয়েদের ফুটবল এগিয়েছে। তো মেয়েদের ফুটবল নিয়ে আলাদা করে পরিকল্পনা করার সময় এসে গেছে মনে করেন কি?

মেয়েদের ফুটবল এখনও বিশ্বে ছেলেদের মতো প্রতিযোগিতামূলক পর্যায়ে যায়নি। আমি কাউকে আহত করছি না, শুধু নিজের মতামতটা দিচ্ছি। তবে হ্যাঁ, আমরা যদি মেয়েদের ফুটবল নিয়ে কাজ করি, আমরা যত কাজ করব, ততই এই পর্যায়ে সাফল্য পাওয়া সহজ হবে।

জাতীয় দল নিয়ে আপনার সামনের পরিকল্পনা কি? কিছুদিন পরই জাতীয় দলের তাজিকিস্তানের বিপক্ষে ম্যাচ আছে।

কিছুদিন যাবৎ এটা নিয়ে আমি চিন্তা করছিলাম কিন্তু গত দুই মাস নির্বাচন নিয়ে এত নাটক চলেছে, এই নাটকে আমি আসলে নিশ্চিত ছিলাম না ভোটাররা আমাকে নিয়ে আসবে, নাকি আসবে না। তো আমি যদি অতিরিক্ত কাজ করে রাখি, যদি বিদেশি কোচ বা কারো সঙ্গে আলাপ করে রাখি, কিন্তু আমি যদি নির্বাচিত না হই, তাহলে তো এটা কোনো কাজে আসবে না। তো কাল রাত থেকে জাতীয় দল নিয়ে ভাবতে শুরু করেছি। আমার কিছু পরিকল্পনা আছে, যেটা আমি আগামী ১০ দিনের মধ্যে বাস্তবায়ন শুরু করব।

জেলার ভোটাররা তো আপনার জেতায় ভালো একটা ভূমিকা রেখেছে। জেলার ভোটার ও ফুটবল নিয়ে আপনার দৃষ্টিভঙ্গি এবার কি হবে? অভিযোগ আছে, জেলা থেকে ফোন করলে আপনারা ফোনও ধরেন না।

এ কথাটা পুরোপুরি ঠিক নয়। আমি যে পাশ করেছি, এর মধ্যে জেলার ভোট আছে, ক্লাবেরও ভোট আছে। অবশ্যই একটা সমন্বয় আছে। সবার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, জেলা আমাকে খুব সমর্থন দিয়েছে, ক্লাবগুলোও দিয়েছে।

আরেকটা অভিযোগ, যেটা একেবারেই বাচ্চামি-ফোন ধরি না। এটা হতে পারে না। তবে এটাও হতে পারে, আমাদের ১৩৪টা কাউন্সিলর। তারা যদি প্রতিদিন আপনাকে ফোন করেন, তাহলে আপনি কি রিসিভ করতে পারবেন? আমি রিসিভ করতে পারলে খুশিই হতাম।

নির্বাচনী ইশতেহারে তো আপনি জেলার ফুটবলকে বিশেষ গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

জেলা বিশেষ কিন্তু তারা এতটা স্পেশাল নয় যে ক্লাবকে আমি ফেলে দেব। ক্লাব ও জেলার মধ্যে সমন্বয় থাকতে হবে। অন্যথায় ফুটবল এগুবে না। আমি যদি জেলা নিয়ে থাকি, দেখা গেলো জেলা থেকে চারটা ভালো ফুটবলার বেরিয়েছে কিন্তু ঢাকায় কোনো খেলা নাই। তখন এই খেলোয়াড়গুলো কোথায় যাবে? তো এজন্য আমাদের একটা লম্বা পরিকল্পনা থাকতে হবে, যাতে সব ঠিকঠাক হয়।

গত দুই মেয়াদে এমন কোনো বিষয়, যেটার ওপর পর্যাপ্ত মনোযোগ দেওয়া হয়নি বলে মনে হয় আপনার; কিংবা যেটা নিয়ে কোনো দুঃখবোধ আছে?

একটুও সম্মত না। ৪৭টা জেলায় লিগ সম্পন্ন হয়েছে। যারা করতে পারেনি, হয়ত তাদের টাকার সমস্যা ছিল, নয়ত সাংগঠনিক সমস্যা ছিল। কিংবা এমন কোনো সমস্যা ছিল যেটা আমি জানি না।

২৫ দফার ইশতেহার বাস্তবায়নে কোনগুলোর ওপর বিশেষ গুরুত্ব দিতে চান আপনি?

যে ইশতেহার দেওয়া হয়েছে, তা পুরোপুরি বাস্তবায়নের লক্ষ্য আমাদের। কিন্তু যদি এটা আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করেন, তাহলে আমি আবারও তিনটা বিষয়ে জোর দেব-জেলা, ক্লাব ও জাতীয় দল। এটা আমার পারসোনাল প্রায়োরিটি। তবে ফেডারেশন চালাতে হলে, ২৫ দফা ইশতেহার বাস্তবায়ন করতে হবে। ফুটবলের প্রকৃত উন্নয়ন হবে ক্লাব, জেলা ও জাতীয় দলের উন্নয়ন হলে।

আট বছর আগে আমি যখন দায়িত্ব নিয়েছিলাম, তখন কিন্তু খেলা হতো না। এটা সত্যি কথা এবং আপনি কিন্তু বলতে পারবেন না, এখন খেলা হয় না। আপনি যেটা বলতে পারবেন, সেটা হলো সম্প্রতি জাতীয় দলের পারফরম্যান্স ভালো না। কিন্তু খেলা তো সবসময় হচ্ছে এবং এটা চলতে থাকলে ফুটবল নিজে থেকে উন্নতি করবে। আমরা একটা পর্যায়ে চলে এসেছি এখন আমাদের সামনে চূড়ান্ত পর্যায়। সামনের চারটা বছর বাফুফে এবং বাংলাদেশের ফুটবলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের ফুটবল নিজে থেকেই পরের ধাপে উন্নিত হবে এবং আমার বিশ্বাস সেটা হবে।

আপনি বলেছেন, এটা আপনার শেষ মেয়াদ। তো চার বছর পরে বাংলাদেশের ফুটবলকে কোথায় দেখতে চান?

আমি যেটা দেখতে চাই, সেটা হবে কি? হয়ত দুইটার মধ্যে পার্থক্য থেকে যাবে। শেখ জামাল ধানমণ্ডি ক্লাব যেমন এএফসি কাপের মূল পর্বে খেলেছে। প্রথমত আমি দেখতে চাই আমরাও এশিয়া কাপে খেলি।

দ্বিতীয়ত সাংগঠনিকভাবে শক্ত ভিত চাই। আমার পরে যারা আসবে, তাদের যেন কষ্ট করতে না হয়। আমাদের দেখানো কাজগুলো করতে পারলেই ফুটবল এগিয়ে যেতে থাকবে।

নির্বাচনী ইশতেহারে জেলা ও উপজেলা একাডেমি করার কথা বলেছেন। এটা কতটা বাস্তবসম্মত?

এটা খুবই উচ্চাভিলাষী পরিকল্পনা। কিন্তু আমি যদি সবগুলো জেলায় নাও পারি, ২০ বা ৩০টা পারি, তাও তো আমরা এগিয়ে যাব। যদি সবগুলো পারি, তাহলে ইনশাল্লাহ। যদি আমরা পুরোপুরি না পারি, তাহলে পরে যিনি আসবেন তিনি করবেন।

দলবদলের জটিলতায় এখনও ঝুলে আছেন আট ফুটবলার...

এটা খুব সাধারণ ব্যাপার। একটা ক্লাব আদালতে গিয়েছে, আদালত সিদ্ধান্ত দিয়েছেন যে, আমার প্লেয়ার স্ট্যাটাস কমিটি যেটা বলবে, সেটা হবে। তার আগে আদালত বলেছেন, একটা লিখিত নির্দেশ দেবেন এবং তারপর ব্যবস্থা নিতে। আমি এখনও লিখিত নির্দেশনা পাইনি। যেদিন পাব সেদিন স্ট্যাটাস কমিটি বসবে। তারা যদি দেখে এটা শেখ জামালের খেলোয়াড় তাহলে তাদেরকে দেবে। যদি দেখে শেখ রাসেল বা মোহামেডানের খেলোয়াড়, তাহলে তাদের দেবে। এ ব্যাপারে আমার কোনো হাত নেই। আমার যে নির্দশনা দেওয়া আছে-দয়া করে আদালতের নির্দেশনা অনুসরণ করুন। আইন যেটা বলবে, সেটা হবে।

নির্বাচনের আগে বলেছিলেন, জিতলে ক্লাবগুলোর জন্য অবকাঠামো দাঁড় করাবেন এবং ক্লাবগুলোকে শক্ত হাতে নিয়ন্ত্রণ করবেন।

ঠিক যেভাবে বলেছি, সেভাবে করব।

বর্ষপঞ্জি আর দলবদলের বিষয়টা পেশাদার পর্যায়ে উন্নতিকরণ?

সেটাও ধীরে ধীরে হবে।

এবারের কমিটিগুলো কিভাবে সাজাবেন?

গতবারে আমি চেয়ারম্যান করে দিয়েছি এবং চেয়ারম্যানকে বলেছি কমিটি করে নিতে। কিন্তু এবার আমি চেয়ারম্যানও করব এবং কমিটিও করে দিব। কেননা, এবার আমি পুরো দায়িত্ব নেব। এবার কোনো কমিটি ব্যর্থ হলে রিপ্লেস হবে এবং জবাবদিহি করতে হবে। এবার আমি আমার চূড়ান্ত কাজ করব; যাতে কোনো লোক আন্দাজে কোনো কথা বলতে না পারে।

গত টার্মের ঘোষণা ভিশন ২০২২ কি রিভিউ করবেন?

এই প্রশ্নের উত্তর ২০ বার আপনাদের দিয়েছি। আমাকে একটা ভিশন রাখতে হবে। আবারও বলছি, আমি মুসলমান, আমাকে যদি হজ করতে হয়, প্রথম নিয়ত করতে হবে, ঢাকা থেকে জাহাজে রওনা দিতে হবে এবং পৌঁছানোর পর হজ করতে হবে। আমার হজ করার ইচ্ছা, আমি রওনা দিয়েছি, যেখানে গিয়ে পৌঁছাতে পারি।

আপনার প্রতিপক্ষ তো আপনার সঙ্গে কাজ করতে চায়…

নির্বাচন করে পাস করে আসছি। সব কাউন্সিলর, ভোটার, জেলা, ক্লাব, এডুকেশন বোর্ড, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। সবাইকে ধন্যবাদ জানাই। যারা ভোট দিয়েছেন, যারা দেন নাই, সবাইকে ধন্যবাদ।

(প্রতিপক্ষের কাজ করতে চাওয়া নিয়ে) আমি কোনো মন্তব্য করব না। আমার বার্তা খুবই সাধারণ-আমাদের সভ্য হওয়া উচিত। এটা সভ্য জাতি। আমি যেন নিজেকে সভ্য রাখতে পারি, আপনিও সভ্য থাকুন। এবং আমি বিনয়ের সঙ্গে বলছি, আমার উচিত আপনাকে শ্রদ্ধা করা এবং আপনারও উচিত আমাকে শ্রদ্ধা করা।