২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোনালদোর মতো ধারাবাহিক হতে পারে বেল: জিদান

রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে জয়ের নায়ক গ্যারেথ বেলকে নিয়ে উচ্ছ্বসিত জিনেদিন জিদান। চোটের সমস্যা পেছনে ফেলে তারকা এই ফরোয়ার্ড ক্রিস্তিয়ানো রোনালদোর মতো ধারাবাহিক হতে পারেন বলে মনে করেন রিয়াল মাদ্রিদ কোচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2016, 04:11 PM

Updated : 12 Apr 2022, 01:57 AM

বেলের একমাত্র গোলে গত শনিবার সোসিয়েদাদের মাঠ থেকে জিতে আসে রিয়াল। আগের সপ্তাহে রায়ো ভায়েকানোর মাঠে ২-০ গোলে পিছিয়ে পড়া রিয়ালকে ৩-২ ব্যবধানে জেতাতে জোড়া গোল করেছিলেন ওয়েলসের এই ফরোয়ার্ড।

চোটের কারণে সোসিয়েদাদের বিপক্ষে খেলতে পারেননি রিয়ালের আক্রমণভাগের সেরা তারকা রোনালদো আর করিম বেনজেমা। ২৩ এপ্রিল ভায়েকানোর বিপক্ষে হ্যামস্ট্রিং পেশির চোটে পড়া রোনালদোকে ছাড়াই খেলেছিল রিয়াল।

সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচ শেষে জিদান বলেন, “আমি তার(বেল) জন্য খুশি। তার অনেক চোট সমস্যা ছিল। তাকে যখন আমি ৯০ মিনিট খেলতে দেখি, তখন ভালো লাগে।”

“তার সমস্যা ছিল কিন্তু ক্রিস্তিয়ানো যা করে সেও তা করতে পারে এবং অনেক ম্যাচ খেলতে পারে। আপনি যখন গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়কে ভালো একটি গোল করতে দেখবেন, তখন এটা বুধবারের (ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের দ্বিতীয় পর্বের) জন্য ভালো ইঙ্গিত।”

রোনালদো আর বেনজেমা ছাড়াও সোসিয়েদাদের বিপক্ষে জিদান বিশ্রাম দেন টনি ক্রুসকে। দলে থাকলেও পুরো ম্যাচ বেঞ্চে বসে কাটান পেপে আর মার্সেলো।

বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ছাড়া দল যেভাবে খেলেছে তাতে খুশি জিদান।

“এর মানে সবাই খুব গুরুত্বপূর্ণ। এটা জানাটা গুরুত্বপূর্ণ যে, আপনার ২০ বা ২১ জন খেলোয়াড় আছে, যারা সব সময় খেলতে পারে। প্রত্যেক তিন দিন বাদে খেলা সব সময়ই কঠিন।”

পুরনো খবর:

কষ্টের জয়ে শিরোপা লড়াইয়ে থাকল রিয়াল