২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আমাদের শুধু জিতে যেতে হবে’

আগের দুই ম্যাচে প্রতিপক্ষকে উড়িয়ে দেওয়া বার্সেলোনা রিয়াল বেতিসের বিপক্ষে বড় জয় পায়নি। কাতালান ক্লাবটির খেলোয়াড়দের কাছে অবশ্য এটা কোনো বিষয় নয়; যেভাবেই হোক, বাকি দুই ম্যাচ জিতে শিরোপা ধরে রাখাই মূল লক্ষ্য তাদের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2016, 02:51 PM

Updated : 12 Apr 2022, 01:57 AM

ইভান রাকিতিচ ও লুইস সুয়ারেসের গোলে গত শনিবার বেতিসের মাঠ থেকে ২-০ ব্যবধানের জয় নিয়ে ফেরে বার্সেলোনা।

৩৫তম মিনিটে ১০ জনের দল হয়ে পড়া বেতিসের বিপক্ষে গোল পেতে ৫০তম মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় বার্সেলোনাকে। ব্যবধান দ্বিগুণ করা গোলটি আসে ৮১তম মিনিটে।

ম্যাচ শেষে মিডফিল্ডার রাকিতিচ বলেন, “দুই ম্যাচ বাকি থাকা অবস্থায় আপনি যদি লিগের শীর্ষে থাকেন, তাহলে যেভাবেই হোক আপনাকে জিততে হবে।”

“এটা কঠিন লড়াই করে পাওয়া একটি জয় ছিল। কিন্তু আমাদের নিজেদের ফুটবলের প্রতি বিশ্বাস আছে এবং ধৈর্য ধরে রেখেছি।”

শনিবার জয় নিয়ে মাঠ ছাড়ে শিরোপা লড়াইয়ে বার্সেলোনার দুই তুমুল প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদ। ৩৬ ম্যাচ শেষে তাই শিরোপা লড়াইয়ের উত্তেজনা সেই আগের মতোই আছে।

৮৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। সমান পয়েন্ট নিয়েও মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে থাকায় দ্বিতীয় স্থানে আছে আতলেতিকো। আর তৃতীয় স্থানে থাকা রিয়ালের পয়েন্ট ৮৪।

বার্সেলোনার ডিফেন্ডার জেরার্দ পিকে বলেন, “আমরা এখন কেবল জিততে পারি। লিগ আরও কাছে চলে এসেছে। কিন্তু এখনও কিছু পথ বাকি আছে।”

পিকের সুরে কথা বলেন মিডফিল্ডার সের্হিও বুসকেতসও।

“আমাদের শুধু জিতে যেতে হবে। আমরা জানি, আতলেতিকো বা রিয়াল মাদ্রিদের কেউই হোঁচট খাবে না। তাই পুরোটাই আমাদের উপর নির্ভর করে।”