২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোপা আমেরিকায় উরুগুয়ে দলে সুয়ারেস

কোপা আমেরিকার জন্য উরুগুয়ে কোচ অস্কার তাবারেসের দেওয়া ৩৫ জনের প্রাথমিক দলে কোনো বিস্ময় নেই। গত মাসে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ দিয়ে নিষেধাজ্ঞা কাটিয়ে প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক ফুটবলে ফেরা লুইস সুয়ারেস অনুমিতভাবেই দলে আছেন। বিশ্বকাপের পর এই প্রথম কোনো আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট খেলতে যাচ্ছেন বার্সেলোনার এই তারকা ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2016, 05:15 PM

Updated : 12 Apr 2022, 01:57 AM

ব্রাজিলে ২০১৪ বিশ্বকাপের গ্রুপ পর্বে গুরুত্বপূর্ণ এক ম্যাচে ইতালির ডিফেন্ডার জর্জো কিয়েল্লিনিকে কামড় দিয়ে সব ধরনের ফুটবল কর্মকাণ্ড থেকে চার মাস আর আন্তর্জাতিক ফুটবলে ৯ ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন সুয়ারেস। 
 
গত বছরের কোপা আমেরিকাসহ বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম চারটি ম্যাচে খেলতে পারেননি বার্সেলোনার হয়ে চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৫৩ গোল করা উরুগুয়ের ২৯ বছর বয়সী এই স্ট্রাইকার। 
 
আগামী ২০ মে চূড়ান্ত দল ঘোষণা করবেন তাবারেস। 
 
৫ জুন মেক্সিকোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে উরুগুয়ের কোপা আমেরিকার শতবর্ষী আসরের অভিযান। ‘সি’ গ্রুপে ১৫ বারের কোপা আমেরিকা জয়ী দলটির বাকি দুই প্রতিপক্ষ ভেনেজুয়েলা ও জ্যামাইকা।