ইউভেতিসের জোড়া গোলে ইন্টারের জয়
স্তেভান ইউভেতিসের জোড়া গোলে সেরি আতে উদিনেজেকে ৩-১ ব্যবধানে হারিয়েছে ইন্টার মিলান।
ইন্টারের মাঠ সান সিরোতে গত শনিবারের এই ম্যাচে দুই দলের কোনোটিতেই ইতালির কোনো খেলোয়াড় শুরুর একাদশে ছিলেন না। সেরি আতে এই ঘটনা প্রথমবারের মতো ঘটল।
নিজেদের মাঠে ম্যাচের নবম মিনিটে পিছিয়ে পড়ে ইন্টার। ৩৬তম মিনিটে তাদের সমতায় ফেরান ইউভেতিস। আর ৭৫তম মিনিটে ব্যবধান ২-১ করেন মন্টেনেগ্রোর এই ফরোয়ার্ড।
যোগ করা সময়ের পঞ্চম মিনিটে স্কোরলাইন ৩-১ করা গোলটি করেন ব্রাজিলে জন্ম নেওয়া ইতালিয়ান স্ট্রাইকার এদের।
এই জয়ে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়ার আশা বাঁচিয়ে রাখল ইন্টার। ৩৫ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে তারা।
৩৪ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইউভেন্তুস। সমান ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে নাপোলি আছে দ্বিতীয় স্থানে। ৩৪ ম্যাচ খেলে তৃতীয় স্থানে থাকা এএস রোমার পয়েন্ট ৬৮।
ইতালির সেরি আর শীর্ষ দুই দল সরাসরি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে খেলার সুযোগ পাবে। তৃতীয় স্থানে থেকে লিগ শেষ করা দলকে খেলতে হবে প্লে-অফ।
