২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভিদাল, দগলাসের গোলে শিরোপার কাছে বায়ার্ন

আর্তুরো ভিদাল ও দগলাস কস্তার গোলে হার্থা বার্লিনকে হারিয়ে শিরোপা জয়ের পথেই আছে বায়ার্ন মিউনিখ। ভিএফভি স্টুটগার্টের বিপক্ষে জয় পেয়েছে শিরোপা লড়াইয়ে টিকে থাকা বরুসিয়া ডর্টমুন্ডও।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2016, 09:47 PM

Updated : 12 Apr 2022, 01:54 AM

বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্নকে শনিবার হার্থার মাঠে গোল পেতে ৪৮ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়।

মারিও গোটসের পাস থেকে বক্সের বাইরে থেকে চিলির মিডফিল্ডার ভিদালের নেওয়া শট হার্থার এক খেলোয়াড়ের শরীরে লেগে দিক বদলে জালে জড়ায়।

৭৯তম মিনিটে মরক্কোর ডিফেন্ডার বেনাতিয়ার পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলের মিডফিল্ডার দগলাস কস্তা।

এই জয়ে ৩১ ম্যাচে ৮১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বায়ার্ন। সমান ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা বরুসিয়ার পয়েন্ট ৭৪। ৩৪ রাউন্ডের লিগে বায়ার্ন পরের ম্যাচ জিতলেই টানা চতুর্থবারের মতো শিরোপা জিতবে।

স্টুটগার্টের মাঠে ২১তম মিনিটে বরুসিয়াকে এগিয়ে দেওয়া গোলটি করেন শিনজি কাগওয়া। বাঁ প্রান্ত থেকে আর্মেনিয়ার মিডফিল্ডার হেনরিখ মিখিতিরিয়ানের পাস খুব কাছে থেকে জালে জড়ান জাপানের এই ফরোয়ার্ড।

প্রথমার্ধের শেষ মুহূর্তে ব্যবধান দ্বিগুণ করেন যুক্তরাষ্ট্রের মিডফিল্ডার ক্রিস্তিয়ান পুলিসিচ। আর ৫৬তম মিনিটে স্কোরশিটে নাম লেখান মিখিতিরিয়ান।