জুয়েলের গোলে স্বাধীনতা কাপের সেমিতে আবাহনী
স্বাধীনতা কাপের চলতি আসরে প্রথম গোল করলেন জুয়েল রানা। তার ওই এক গোলেই শেখ রাসেল ক্রীড়া চক্রকে প্রথম হারের স্বাদ দিয়ে অপরাজিত থেকে সেমি-ফাইনালে ওঠার আনন্দে ভাসল আবাহনী লিমিটেড।
স্বাধীনতা কাপের সেমি-ফাইনাল আগেই নিশ্চিত করা শেখ রাসেলের খেলায় ছিল না ধার। অন্যদিকে ড্র করলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে বিজেএমসিকে টপকে সেরা চার নিশ্চিত হত আবাহনীর। তবে জয়ের জন্যই শুরু থেকে আক্রমণাত্মক ফুটবলের পসরা মেলে ধরে দ্রাগো মামিচের শিষ্যরা।
দশম মিনিটে চোট পেয়ে ম্যাচ থেকে নির্ভরযোগ্য ফরোয়ার্ড জাহিদ হাসান এমিলি ছিটকে গেলে টুর্নামেন্টের ২০১৩ সালের চ্যাম্পিয়ন শেখ রাসেলের খেলার ধার আরও কমে। তার বদলে মিডফিল্ডার রাজন মিয়াকে নামান কোচ মারুফুল হক।
তারপরও খেলার ধারার বিপরীতে ২৪তম মিনিটে ভালো একটি সুযোগ পায় শেখ রাসেল। তবে শাহেদুল আলম শাহেদের ভুলে বল পেয়েও কাজে লাগাতে ব্যর্থ ফিকরু জেইদা। ইথিওপিয়ার এই ফরোয়ার্ড বল নিয়ে বক্সে ঢুকে তালগোল পাকিয়ে শটই নিতে পারেননি।
দ্বিতীয়ার্ধে শেখ রাসেলের খেলায় গতি ফিরলে ম্যাচও জমে ওঠে। তবে প্রতিপক্ষের রক্ষণে বলার মতো সুযোগ তৈরি করতে পারছিল না কোনো দলই।
৬৮তম মিনিটে আবাহনীর লি টাকের বক্সের একটু ওপর থেকে নেওয়া ফ্রি-কিক ফিস্ট করে ফেরান গোলরক্ষক। একটু পর সানডে চিজোবার বক্সের মধ্য থেকে নেওয়া শট পোস্টের ওপর দিয়ে উড়ে গেলে হতাশ হতে হয় আবাহনীকে।
৭২তম মিনিটে দুই ফরোয়ার্ডের মিলিত প্রচেষ্টায় অধরা গোলের নাগাল পায় আবাহনী। প্রতিপক্ষের একজনকে কাটিয়ে কামারাকে বল বাড়িয়ে বক্সে ঢুকে পড়েন জুয়েল। কামারার বুদ্ধিদ্বীপ্ত ব্যাক হিল থেকে বল নিয়ন্ত্রণে নিয়ে মাপা শটে শেখ রাসেল গোলরক্ষককে পরাস্ত করেন জাতীয় দলের এই ফরোয়ার্ড।
স্বাধীনতা কাপের চলতি মৌসুমে জুয়েলের প্রথম গোলটিই শেষ পর্যন্ত আবাহনীর দ্বিতীয় জয় ও সেমি-ফাইনাল নিশ্চিত করে।
আবাহনীর এই জয়ে বিজেএমসির সেরা চারে ওঠার স্বপ্ন গুঁড়িয়ে গেল। শেখ রাসেলের কাছে ঢাকা আবাহনী হারলেই কেবল সেমি-ফাইনালে উঠত পাঁচ ম্যাচে ৭ পয়েন্ট পাওয়া বিজেএমসি।
হারলেও পাঁচ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে বি গ্রুপের সেরা হয়েছে সেমি-ফাইনালে উঠল শেখ রাসেল। আগামী ৪ মে দ্বিতীয় সেমি-ফাইনালে ‘এ’ গ্রুপের রানার্সআপ চট্টগ্রাম আবাহনীর মুখোমুখি হবে তারা।
আগামী ৩ মে প্রথম সেমি-ফাইনালে ‘এ’ গ্রুপের সেরা শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের বিপক্ষে লড়বে আবাহনী। ৭ মে হবে শিরোপা লড়াই।
