শিরোপা এখন, নয়তো কখনও নয়: রানিয়েরি
অবনমন এড়ানোর প্রাথমিক লক্ষ্য পূরণ হয়েছে আগেই, এরই মধ্যে চ্যাম্পিয়ন্স লিগে খেলাও নিশ্চিত করেছে লেস্টার সিটি। স্বপ্ন এবার চূড়ায় ওঠার; শিষ্যদের উদ্বুদ্ধ করতে ক্লাওদিও রানিয়েরি তাই বললেন, ইপিএলের শিরোপা এবার জিততে না পারলে কখনও সম্ভব নয়।
মৌসুমের শুরু থেকেই একের পর এক বিস্ময় উপহার দিয়ে প্রথমবারের মতো লিগ জয়ের খুব কাছে পৌঁছে গেছে। দ্বিতীয় স্থানে থাকা টটেনহ্যাম হটস্পারের চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে শীর্ষে আছে লেস্টার।
শেষ চার রাউন্ডে ৮ পয়েন্ট পেলেই শিরোপা নিশ্চিত হয়ে যাবে দলটির। সে লক্ষ্যের প্রথম ধাপে আগামী রোববার সোয়ানসি সিটির মাঠে খেলবে লেস্টার।
চতুর্দশ স্থানে থাকা সোয়ানসির বিপক্ষে ম্যাচের আগে বিবিসিকে লেস্টার কোচ বলেন, “(শিরোপা জয়) এটা হয় এ বছর, নয়তো কখনও নয়। আমরা চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত করেছি-সবার জন্যে দারুণ এক অর্জন। কিন্তু এখন আমরা আমাদের পুরো শক্তি, মন, আত্মা, সব কিছু দিয়ে শিরোপা জিততে চেষ্টা করব।”
তবে ফুটবল রূপকথা উপহার দিয়ে ইতিহাস গড়ার খুব কাছে পৌঁছে গেছে গত মৌসুমের শেষ দিকে নাটকীয়ভাবে অবনমন এড়ানো দলটিই। রানিয়েরি অবশ্য তার দলের এই প্রাপ্তিকে আলৌকিক ঘটনা মানতে নারাজ।
“এটা কোনো অলৌকিক ঘটনা নয়, এটা অবাক করা মুহূর্ত। এটা বিশেষ ধরণের পরিস্থিতি। একারণেই আমি বলছি, ‘এখন, নয়তো কখনও নয়’ কারণ আগামী মৌসুম ভিন্ন হবে। বড় দলগুলো আরও শক্তিশালী ও ভালো হবে, তবে এ মৌসুমে আমরা বিশেষ কিছু করছি।”
ভার্ডিকে ছাড়াও অবশ্য জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ইতালিয়ান কোচ রানিয়েরি।
“তাকে ছাড়া আমার আরেকজন ভার্ডি নেই। কিন্তু আমার বিশ্বাস, তাকে ছাড়াও আমরা বিশেষ কিছু করতে পারি।”
