২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সালাউদ্দিনের প্যানেলের ২৫ দফা প্রতিশ্রুতি

নির্বাচনী প্রচারণায় ‘ব্যস্ত’ সভাপতি প্রার্থী কাজী সালাউদ্দিন আসেননি। তার প্যানেলের পক্ষে প্রধান সমন্বয়ক শুক্রবার রাজধানীর একটি হোটেলে ৩০ এপ্রিলের নির্বাচন সামনে রেখে পড়ে শোনালেন ইশতেহারে থাকা ২৫ দফা প্রতিশ্রুতি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2016, 09:19 PM

Updated : 12 Apr 2022, 01:54 AM

নির্বাচনী ইশতেহারে ফুটবলকে সারা দেশে ছড়িয়ে দেওয়ার পুরনো প্রতিশ্রুতির কথাই আছে বেশি। এ ছাড়া জাতীয় দলের জন্য বিদেশি কোচ, ট্রেনার, পুষ্টিবিদ আনা, বয়সভিত্তিক দলগুলোর প্রতি গুরুত্ব দেওয়ার কথাও জানান নির্বাচনে সালাউদ্দিনের প্যানেলের প্রধান সমন্বয়ক রুহুল আমিন।

জাতীয় ফুটবল দলের সাফল্যের জন্য দেশের সকল ক্লাবকে অর্থ, কোচ দিয়ে অনুর্ধ-১৪, ১৬, ১৮ দল গঠনে করতে সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ইশতেহারে। সালাউদ্দিন প্যানেল আবার নির্বাচিত হলে সিলেটে বন্ধ হয়ে যাওয়া বাফুফের ফুটবল একাডেমি পুনরায় চালু, বাফুফে ভবনে আন্তর্জাতিক মানের ফিটনেস সেন্টার গড়ে তোলা, প্রতিটি বিভাগে একটি করে ফুটবল টার্ফ স্থাপনের কথাও জানিয়েছেন প্রধান সমন্বয়ক।

জেলা ফুটবল এসোসিয়েশনকে শক্তিশালী করা এবং বিভাগীয় শহরসহ সব জেলা ও উপজেলা পর্যায়ে সরকারী এবং বেসরকারী উদ্যোগে ফুটবল একাডেমি গড়ে তোলার প্রতিশ্রুতি দেওয়া হয়। এ সব ফুটবল একাডেমিগুলো পর্যায়ক্রমে ইউরোপ ও ল্যাতিন আমেরিকায় বিভিন্ন ফুটবল একাডেমির সাথে যুক্ত করার উচ্চাভিলাষী পরিকল্পনার কথাও বলা হয়েছে।

জাতীয় চ্যাম্পিয়নশীপ (শেরেবাংলা কাপ) চালু করা, মাঠ সমস্যার সমাধান, জেলার ক্লাবগুলোর সমম্বয়ে ‘ক্লাব কাপ’ পুনরায় চালুর উদ্যোগও নেওয়া হবে বলে জানান রুহুল আমিন।

এই নির্বাচনী ইশতেহারে নেই ঘরোয়া ফুটবলকে পেশাদার মানদণ্ডে আনার আর দলবদলের প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও সহজ করার প্রতিশ্রুতি। গত দুই মেয়াদে সালাউদ্দিন বাফুফের সভাপতি ও সালাম মুর্শেদী পেশাদার লিগ কমিটির সভাপতির দায়িত্ব পালন করলেও ঘরোয়া ফুটবলে সূচি ঠিকঠাক অনুসরণ করা সম্ভব হয়নি। চলতি স্বাধীনতা কাপও শুরু হয় এক দফা পেছানোর পর; এই টুর্নামেন্টের দল অন্তর্ভুক্তি ও সূচির বদলও হয়েছে বারবার।

খেলোয়াড়দের দলবদল নিয়ে এ মৌসুমে মামুনুল ইসলামসহ আট ফুটবলার শেখ জামাল ধানমণ্ডি ক্লাব ছেড়ে বিভিন্ন দলে নাম লেখানোর বিষয়টি শেষ পর্যন্ত গড়ায় আদালতে।