মেসি ঠিক আছে: এনরিকে
দেপোর্তিভো লা করুনার বিপক্ষে হালকা চোট পাওয়া লিওনেল মেসি পুরোপুরি ‘ফিট’ আছেন বলে জানিয়েছেন বার্সেলোনার কোচ লুইস এনরিকে।
লুইস সুয়ারেসের চার গোলে নিজেদের মাঠে গত বুধবার দেপোর্তিভোকে ৮-০ ব্যবধানে উড়িয়ে দেওয়া ম্যাচের পরদিন মেসি মূল দলের সঙ্গে পুরোদমে অনুশীলন করেননি বলে স্পেনের সংবাদমাধ্যমে খবর বের হয়। অনেকে শঙ্কা করেছিল, মেসি আগামী শনিবার লা লিগায় স্পোর্তিং গিহনের বিপক্ষে নাও খেলতে পারেন।
ম্যাচের আগের দিন এনরিকে বলেন, “মেসি ঠিক অবস্থায় আছে। দেপোর্তিভোর বিপক্ষে হালকা চোট পেয়েছিল সে। সে ভালোভাবে অনুশীলন করেছে এবং আগামীকালের (শনিবার) জন্য তৈরি।”
অবনমন অঞ্চলে থাকা স্পোর্তিংয়ের বিপক্ষে ম্যাচ নিয়ে এনরিকে বলেন, “গত ১০ মৌসুমের দিকে তাকালে দেখবেন, সব সময়ই বিস্ময় থাকে; বিশেষ করে শেষ পাঁচটিতে। আমাদের এটা নিশ্চিত করতে তৈরি থাকতে হবে, এর প্রভাব অন্যদের উপর পড়ুক, আমাদের উপর নয়।”
