২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ জামালের সঙ্গে ড্র করে সেমিতে চট্টগ্রাম আবাহনী

স্বাধীনতা কাপে জয়রথে থাকা শেখ জামাল ধানমণ্ডি ক্লাবকে আটকে দিল চট্টগ্রাম আবাহনী। ড্র করে ‘এ’ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে টুর্নামেন্টের সেমি-ফাইনালে উঠল বন্দর নগরীর দলটি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2016, 08:03 PM

Updated : 11 Oct 2022, 08:07 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুক্রবার ম্যাচটি ১-১ ড্র হয়। টানা চার জয়ে শেখ জামাল আগেই সেরা চার নিশ্চিত করেছিল; এই ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে গ্রুপের সেরা হলো তারা। অন্যদিকে ১০ পয়েন্ট নিয়ে সেমি-ফাইনালের টিকেট পেল চট্টগ্রাম আবাহনী।

সেরা চার আগেই নিশ্চিত হওয়া শেখ জামালের আক্রমণভাগে এদিন ছিলেন না নির্ভরযোগ্য ল্যান্ডিং ডারবো। ওয়েডসেন আনসেলমে ও এমেকা ডারলিংয়ের আক্রমণে তাই ছিল না ধার। শুরুর একাদশে রেখে মিশরের ডিফেন্ডার এলিগিলানি নাগিকে এদিন পরখ করে নেন কোচ শফিকুল ইসলাম মানিক।

ত্রয়োদশ মিনিটে লিওনেল সেইন্ট প্রিয়াক্স বক্সের মধ্যে পাওয়া সহজ সুযোগ বাইরে মেরে নষ্ট করলে এগিয়ে যাওয়া হয়নি চট্টগ্রাম আবাহনীর। পাঁচ মিনিট পর পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করে শেখ জামালকে এগিয়ে নেন এমেকা। বক্সের মধ্যে ওয়েডসেনের বাড়ানো বল নিয়ন্ত্রণে নেওয়া এমেকাকেই গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

৩০তম মিনিটে বক্সের একটু ওপর থেকে তারিক আল জানাবির ফ্রি-কিক বাইরে দিয়ে বেরিয়ে গেলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় চট্টগ্রাম আবাহনী। পিছিয়ে পড়া বন্দর নগরীর দলটি দ্বিতীয়ার্ধের শুরু থেকে মরিয়া হয়ে খেলতে থাকে। ৬৭তম মিনিটে সমতায় ফেরার সুযোগ পেয়েও যায় তারা। কিন্তু প্রিয়াক্সের ডান পায়ের জোরালো শট পাঞ্চ করে শেখ জামালকে জয়ের পথে রাখেন মাজহারুল ইসলাম হিমেল।

৭৩তম মিনিটে সমতায় ফেরে চট্টগ্রাম আবাহনী। বাঁ দিকে বক্সের বাইরে থেকে তারিক আল জানাবির ফ্রি-কিকে নাইজেরিয়ার ডিফেন্ডার অ্যালিসন উডোকার দুদান্ত হেডে রুখতে পারেনি গোলরক্ষক হিমেল।

শেষ পর্যন্ত এই গোলেই প্রয়োজনীয় ১ পয়েন্ট পাওয়া নিশ্চিত করে জোয়েল পাভলিকের দল। ফলে সেমি-ফাইনালে ওঠা হলো না ৯ পয়েন্ট পাওয়া মুক্তিযোদ্ধার। শেখ জামালের কাছে চট্টগ্রাম আবাহনী ২-০ ব্যবধানে হারলে গোল ব্যবধানে এগিয়ে সেরা চারের টিকেট পেতো তারা।