ম্যান ইউতে যাওয়ার কথা ভেবেছিলেন রামোস
ম্যানচেস্টার ইউনাইটেডে নাম লেখানোর কথা ভেবেছিলেন বলে জানিয়েছেন রিয়াল মাদ্রিদের অধিনায়ক সের্হিও রামোস।
গত অগাস্টে রিয়ালের সঙ্গে পাঁচ বছরের জন্য নতুন চুক্তি করা রামোসকে ২০১৫-১৬ মৌসুমে ইউনাইটেড নিতে চেয়েছিল বলে খবর বের হয়েছিল।
সংবাদমাধ্যমে এ নিয়ে অনেক খবর বের হলেও শেষ পর্যন্ত রামোসকে দলে টানতে পারেনি ইউনাইটেড।
৩০ বছর বয়সী এই ডিফেন্ডার সম্প্রতি সংবাদমাধ্যমকে বলেন, “ইউনাইটেড থেকে প্রস্তাব ছিল। আমি কিছুক্ষণের জন্য পরিবর্তন করার কথা ভেবেছিলাম। কিন্তু আমার কাছে রিয়াল মাদ্রিদ সব সময়ই আগে আর আর্থিক কোনো কারণ ছিল না।”
রিয়ালের সঙ্গে নতুন চুক্তি করার আগে ক্লাবটির সভাপতি ফ্লোরেন্তিনো পেরেসের সঙ্গে রামোসের সম্পর্ক খারাপ ছিল বলে সংবাদমাধ্যমে খবর এসেছিল।
রামোস বলেন, “(মাদ্রিদ কর্তৃক) আমি প্রতারিত হয়েছি কিনা অনুভব করেছি? না। কিন্তু আমি কিছু সময়ের জন্য হতাশা বোধ করেছিলাম। কিছু সমস্যা ছিল, যেগুলো মিটে গেছে।”
রিয়ালের সঙ্গে ২০২০ সাল পর্যন্ত চুক্তি করা রামোসকে চেলসি পেতে চায় বলেও সম্প্রতি গুঞ্জন উঠেছে। ইউরো ২০১৬ শেষে ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাবটির দায়িত্ব নিতে যাওয়া ইতালিয়ান কোচ আন্তোনিও কোন্তে রামোসকে চুক্তিবদ্ধ করতে চান বলে খবর বেরিয়েছে।
রামোস বলেন, “(চেলসির আগ্রহের) বিষয়টি আমি শুনিনি। সব সময়ই অনেক কিছু বলা হয়ে থাকে। বড় ক্লাব থেকে প্রশংসা সব সময়ই ভালো। এর কারণ, আপনি ভালো করছেন। কিন্তু আমার সমর্থক আর ক্লাব যদি আমাকে চায়, তাহলে আমার ভাবনা হচ্ছে এখানেই অবসর নেওয়া।”
