সানচেসের জোড়া গোলে আর্সেনালের জয়
দুই ম্যাচ পর প্রিমিয়ার লিগে জয়ের পথে ফিরছে আর্সেনাল। আলেক্সিস সানচেসের জোড়া গোলে ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওনকে সহজেই হারিয়েছে আর্সেন ভেঙ্গারের দল।
বৃহস্পতিবার রাতে এমিরেটস স্টেডিয়ামে ২-০ ব্যবধানে জেতা ম্যাচে দুটি গোলই প্রথমার্ধে করেন সানচেস।
গত দুই রাউন্ডে যথাক্রমে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের সঙ্গে ৩-৩ এবং ক্রিস্টাল প্যালেসের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল আর্সেনাল।
ষষ্ঠ মিনিটেই একক নৈপুণ্যে দারুণ এক গোলে দলকে এগিয়ে দেন সানচেস। অ্যারন র্যামজির বাড়ানো বল ধরে সঙ্গে লেগে থাকা প্রতিপক্ষের এক জনকে ফাঁকি দিতে পুরো শরীরটাকে ঘুরিয়ে একটু এগিয়ে ডান পায়ের নীচু শটে গোলরক্ষককে পরাস্ত করেন চিলির এই ফরোয়ার্ড।
এই জয়ে আগামী মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলার সম্ভাবনা জোরালো হলো আর্সেনালের, ৩৪ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠেছে তারা।
সমান ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে ম্যানচেস্টার সিটি। পঞ্চম স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট ৫৯।
পয়েন্ট তালিকার শীর্ষ তিনটি দল চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে সরাসরি খেলবে। চতুর্থ স্থানের দল খেলবে প্লে-অফ।
প্রথমবারের মতো লিগ শিরোপা জয়ের পথে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে লেস্টার সিটি। পাঁচ পয়েন্ট কম নিয়ে তাদের পরেই টটেনহ্যাম হটস্পার।
