২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটের আগেই ‘পাস’ সালাম মুর্শেদী

৩০ এপ্রিলে ভোটের লড়াইয়ে নামতে হচ্ছে না সালাম মুর্শেদীকে। তিন প্রার্থী সরে দাঁড়ানোয় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সিনিয়র সহ-সভাপতি পদেই থাকছেন সাবেক এই ফুটবলার।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2016, 08:39 PM

Updated : 11 Oct 2022, 08:06 PM

বুধবার ছিল ফুটবল ফেডারেশনের নির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। সংস্থাটির সিনিয়র সহ-সভাপতির পদে বর্তমানে দায়িত্বে থাকা সালামের সঙ্গে মনোনয়ন পত্র কিনেছিলেন শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের সভাপতি মনজুর কাদের, মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডিরেক্টর ইন চার্জ লোকমান হোসেন ভূইয়া ও আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক দেওয়ান শফিউল আরেফীন টুটুল।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদে থাকা কাদের ও লোকমানের সরে দাঁড়ানোর ইঙ্গিত আগেই মিলেছিল। তবে ফুটবল পাড়ায় গুঞ্জন ছিল, সিনিয়র সহ-সভাপতি পদে দুই সাবেক ফুটবলার টুটুল ‍ও সালাম জমজমাট লড়াই হবে। কিন্তু কাদের ও লোকমানের সঙ্গে টুটুলও প্রার্থীতা প্রত্যাহার করে নেন বুধবার।

তিন প্রার্থী সরে দাঁড়ানোয় সালাম মুর্শেদী বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়ে যাওয়ার কথা জানান প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন সাংবাদিকদের বলেন, “সিনিয়র সহ-সভাপতি পদে (সালাম মুর্শেদী ছাড়া) প্রার্থী নেই। আগামীকাল নির্বাচন কমিশনের সভায় তাকে আনুষ্ঠানিকভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।”

টুটুল পরে সদস্য পদ থেকেও প্রার্থীতা প্রত্যাহার করে নেন। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে সহ-সভাপতির পদ থেকেও মোহামেডানের ডিরেক্টর ইন চার্জ লোকমানও সরে দাঁড়ান।