২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সা-আতলেতিকোকেই এগিয়ে রাখছেন জিদান

রিয়াল মাদ্রিদের এবারের লা লিগা ও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের সম্ভাবনা আছে বলে বিশ্বাস কোচ জিনেদিন জিদানের। তবে এখন পর্যন্ত বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদকেই এগিয়ে রাখছেন ফরাসি এই কোচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2016, 09:56 PM

Updated : 12 Apr 2022, 01:52 AM

গত মাসের এই সময়ে লিগে শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ১২ পয়েন্টে পিছিয়ে থাকায় সান্তিয়াগো বের্নাবেউয়ের অনেকেই চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন ছেড়েই দিয়েছিলেন। কিন্তু বার্সেলোনা টানা তিন ম্যাচ হেরে যাওয়ায় রিয়ালের ফিকে হয়ে যাওয়ার স্বপ্নটা আবার জেগেছে। চিরপ্রতিদ্বন্দ্বীদের ১ পয়েন্টের ব্যবধানে উঠে এসেছে ক্রিস্তিয়ানো রোনালদোরা।

৩৩ রাউন্ড শেষে বার্সেলোনা ও আতলেতিকোর পয়েন্ট সমান ৭৬ হলেও মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে দিয়েগো সিমেওনের দল। রিয়ালের পয়েন্ট ৭৫।

লিগে টানা সাত ম্যাচ জিতে শিরোপা জয়ের ব্যাপারেও আশাবাদী হয়ে উঠেছেন জিদান। কিন্তু কঠিন বাস্তবতা ভুলছেন না তিনি। কারণ চ্যাম্পিয়ন হতে তাদের শুধু জিতলেই হবে না, হোঁচট খেতে হবে উপরের দুই দলের।

আগামী বুধবার লিগের ৩৪তম রাউন্ডে চতুর্থ স্থানে থাকা ভিয়ারিয়ালের বিপক্ষে মাঠে নামবে রিয়াল। মঙ্গলবার সংবাদ সম্মেলনে জিদান নিজেদের সম্ভাবনা প্রসঙ্গে বলেন, “আমার মতে, বার্সেলোনা ও আতলেতিকো সব ম্যাচ জিততে পারে। আমরা যদি সব ম্যাচ জিতি, কিন্তু বার্সেলোনাও তাই করে তাহলে আমরা চ্যাম্পিয়ন হব না।”

শুধু লিগে নয়, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও শিরোপা জয়ের সম্ভাবনা আছে রিয়ালের। ইউরোপ সেরার প্রতিযোগিতায় সেমি-ফাইনালেও উঠেছে তারা। এ দুই প্রতিযোগিতাতেই শেষ পর্যন্ত লড়াই করে যেতে চান জিদান।

“আমরা দুটি শিরোপা জিততেই সক্ষম।… আমরা শেষ মিনিট পর্যন্ত লড়াই করে যাব এবং আমি নিশ্চিত করছি, শেষ পর্যন্ত আমরা কাজ করে যাব।”