বেলকে ছাড়া কঠিন পরীক্ষায় রিয়াল
নতুন করে দেখা শিরোপা স্বপ্নে উজ্জ্বীবিত রিয়াল মাদ্রিদ এবার কঠিন পরীক্ষার মুখোমুখি হতে যাচ্ছে। চতুর্থ স্থানে থাকা ভিয়ারিয়ালের বিপক্ষে ক্রিস্তিয়ানো রোনালদোদের মুখোমুখি লড়াইয়ের সাম্প্রতিক পরিসংখ্যানও ভালো নয়। যোগ হয়েছে গ্যারেথ বেলের ছিটকে পড়ার দুর্ভাবনাও। তারপরও জিনেদিন জিদানের দলে আত্মবিশ্বাসের কমতি নেই।
কঠিন এ পরীক্ষায় ঘরের মাঠে সমর্থকদের সামনে খেলার বাড়তি সুবিধা অবশ্য পাবে রিয়াল। আগামী বুধবার বাংলাদেশ সময় রাত দুইটায় সান্তিয়াগো বের্নাবেউয়ে শুরু হবে ম্যাচটি।
গত মাসের ঠিক এই সময়ে শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ১২ পয়েন্টে পিছিয়ে থাকায় বের্নাবেউয়ের অনেকেই চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন ছেড়েই দিয়েছিলেন। কিন্তু বার্সেলোনা টানা তিন ম্যাচ হেরে যাওয়ায় রিয়ালের ফিকে হয়ে যাওয়ার স্বপ্নটা আবার জেগেছে। চিরপ্রতিদ্বন্দ্বীদের ১ পয়েন্টের ব্যবধানে উঠে এসেছে ক্রিস্তিয়ানো রোনালদোরা।
৩৩ রাউন্ড শেষে বার্সেলোনা ও আতলেতিকোর পয়েন্ট সমান ৭৬ হলেও মুখোমুখি লড়াইয়ে এগিয়ে লুইস এনরিকের দল। রিয়ালের পয়েন্ট ৭৫।
এগিয়ে থাকা দল দুটি কোনোরকম অঘটনের শিকার হলে এবং নিজেরা জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে শীর্ষে উঠে যাবে রিয়াল। বার্সেলোনার সাম্প্রতিক ছন্দহীনতাই রোনালদো-বেনজেমাদের আরও বেশি স্বপ্ন দেখাচ্ছে। তাইতো দলটির ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্সেলো সতীর্থদের উদ্বুদ্ধ করতে মৌসুমের বাকি ম্যাচগুলোর প্রতিটিকেই একেকটি ‘ফাইনাল’ বলছেন।
“এখন কোনো ম্যাচই সহজ নয়, সবকটিই ফাইনাল এবং আমরা শেষ পর্যন্ত তা ধরে রাখার চেষ্টা করব।”
কোচ জিদানের কণ্ঠেও শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয়। শুধু লিগে নয়, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও শিরোপা জয়ের সম্ভাবনা আছে রিয়ালের। ইউরোপ সেরার প্রতিযোগিতায় সেমি-ফাইনালেও উঠেছে তারা।
মঙ্গলবারের সংবাদ সম্মেলনে জিদান বলেন, “আমরা দুটি শিরোপা জিততেই সক্ষম।… আমরা শেষ মিনিট পর্যন্ত লড়াই করে যাব এবং আমি নিশ্চিত করছি, শেষ পর্যন্ত আমরা কাজ করে যাব।”
ভিয়ারিয়াল ম্যাচটি সত্যিকার অর্থেই রিয়ালের জন্য হয়ে উঠতে পারে ফাইনাল। গত ডিসেম্বরে প্রথম পর্বে এই দলের মাঠ থেকে ১-০ গোলে হেরে ফিরেছিল রোনালদোরা।
ভিযারিয়ালের সবশেষ ম্যাচের ফল অবশ্য হতাশাজনক; নিচের দিকে থাকা রায়ো ভায়েকানোর মাঠে গত রোববার ২-১ গোলে হেরে যায় তারা।
ভিয়ারিয়ালের বিপক্ষে সবশেষ দুই ম্যাচে জিততে না পারলেও ঘরের মাঠে কিন্তু দারুণ সফল রিয়াল। লা লিগায় বের্নাবেউয়ে মোট ১৫ বারের মুখোমুখি লড়াইয়ে ১১ বার জিতেছে প্রতিযোগিতার সফলতম ক্লাবটি, বাকি চারটি ম্যাচ ড্র।
লিগে সবশেষ সাত রাউন্ডে জেতা রিয়ালের আক্রমণভাগ আছে দারুণ ছন্দে; এই ম্যাচগুলোয় গড়ে ৩.৮৫ গড়ে গোল করেছে দলটি। গেতাফের জালে ৫ বার বল পাঠানোর ম্যাচে আক্রমণভাগের তিন তারকা রোনালদো, বেল, বেনজেমা সবাই গোল করেন।
তাই পেশির চোটে বেল ছিটকে পড়ায় ‘বিবিসি’ আক্রমণভাগকে না পাওয়ার আপশোস থাকছে রিয়ালের। তবে আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ ৩০ গোল করা রোনালদো স্বরূপে থাকলে বেলের অনুপস্থিতি তেমন কোনো ভাবনার বিষয় হওয়ার কথা নয়।
