রিয়ালের আরেকটি ‘ফাইনাল’
হঠাৎ জেগে ওঠা লা লিগার শিরোপা সম্ভাবনা ধরে রাখতে বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদের উপর চাপ বজায় রাখতে চান মার্সেলো। সে লক্ষ্যে রিয়াল মাদ্রিদের এই ডিফেন্ডারের কণ্ঠে ভিয়ারিয়ালের বিপক্ষে আরেকটি ‘ফাইনাল’ জয়ের প্রত্যয়।
গত মাসের ঠিক এই সময়ে স্পেনের শীর্ষ লিগে রিয়ালের শিরোপা সম্ভাবনা বলতে গেলে ছিল শূন্যের কোঠায়। শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ১২ পয়েন্টে পিছিয়ে থাকায় সান্তিয়াগো বের্নাবেউয়ের কোচ ও খেলোয়াড়দের অনেকেই চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন ছেড়েই দিয়েছিলেন। কিন্তু বার্সেলোনা টানা তিন ম্যাচ হেরে যাওয়ায় রিয়ালের ফিকে হয়ে যাওয়ার স্বপ্নটা আবার জেগেছে। চিরপ্রতিদ্বন্দ্বীদের ১ পয়েন্টের ব্যবধানে উঠে এসেছে ক্রিস্তিয়ানো রোনালদোরা।
৩৩ রাউন্ড শেষে বার্সেলোনা ও আতলেতিকোর পয়েন্ট সমান ৭৬ হলেও মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে দিয়েগো সিমেওনের দল। রিয়ালের পয়েন্ট ৭৫।
নতুন করে জেগে ওঠা সম্ভাবনার প্রসঙ্গে মার্সেলো বলেন, “মৌসুমের শেষ অংশে আমরা অনেক উন্নতি করেছি। আমাদের লক্ষ্য ছিল শীর্ষস্থানের সঙ্গে ব্যবধান কমানো এবং এখন আমরা খুব কাছাকাছি।”
বাকি পাঁচ রাউন্ডে বার্সেলোনা ও আতলেতিকো কোনো হোঁচট খেলে রিয়ালের সম্ভাবনা আরও বাড়বে। তবে সেক্ষেত্রে জিনেদিন জিদানের দলকে অবশ্যই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে হবে। চ্যাম্পিয়ন্স লিগেও সেমি-ফাইনালে পৌঁছে শিরোপা সম্ভাবনা জোরালো করেছে তারা।
“যেসব চ্যাম্পিয়নশিপের সঙ্গে আমরা যুক্ত তার সবকিছুতেই আমরা শীর্ষ মানের পারফর্ম করার চেষ্টা করি। এখন কোনো ম্যাচই সহজ নয়, সবকটিই ফাইনাল এবং আমরা শেষ পর্যন্ত তা ধরে রাখার চেষ্টা করব।”
আগামী বুধবার বাংলাদেশ সময় রাত দুইটায় ঘরের মাঠে চতুর্থ স্থানে থাকা ভিয়ারিয়ালের বিপক্ষে লিগের ৩৪তম ম্যাচটি খেলবে রিয়াল।
লিগে গত সাত ম্যাচে জেতা রিয়াল এই ম্যাচের পর বাকি চার রাউন্ডে খেলবে যথাক্রমে ষষ্ঠদশ স্থানে থাকা রায়ো ভায়েকানো, দশম স্থানের দল রিয়াল সোসিয়েদাদ, দ্বাদশ স্থানে থাকা ভালেন্সিয়া ও ত্রয়োদশ স্থানে থাকা দেপোর্তিভো লা করুনার বিপক্ষে।
এর মধ্যে শুধু ভালেন্সিয়ার বিপক্ষেই নিজেদের মাঠে খেলবে রিয়াল। এবারের আসরে প্রতিপক্ষের মাঠে ও নিজেদের মাঠে সমান দুটি করে ম্যাচ হেরেছে তারা। আর ছয়টি ড্রয়ের মধ্যে পাঁচটিই তারা করেছে প্রতিপক্ষের মাঠে।
