২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজেএমসির ৬ গোলের জয়ে কিংসলের পাঁচ

স্বাধীনতা কাপে ফেনী সকারকে ৬-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে টিম বিজেএমসি। দলের জয়ে পাঁচ গোলই করেছেন নাইজেরিয়ান ফরোয়ার্ড এলিটা কিংসলে। বাকি গোলটি কিংসলের স্বদেশি মিডফিল্ডার স্যামসন ইলিয়াসুর।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2016, 08:02 PM

Updated : 11 Oct 2022, 08:06 PM

নিজেদের শেষ ম্যাচে এই জয়ে ‘বি’ গ্রুপ থেকে সেমি-ফাইনালে ওঠার সম্ভাবনা টিকে থাকল বিজেএমসির। পাঁচ ম্যাচে ৭ পয়েন্ট তাদের। তবে তিন ম্যাচে ৫ পয়েন্ট পাওয়া আবাহনী লিমিটেডের সামনের দুই ম্যাচের ‍ওপর নির্ভর করবে বিজেএমসির ভাগ্য।

এই গ্রুপ থেকে সবার আগে সেরা চার নিশ্চিত করে স্বাধীনতা কাপের ২০১৩ সালের চ্যাম্পিয়ন শেখ রাসেল ক্রীড়া চক্র।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সোমবার কিংসলের হ্যাটট্রিকে প্রথমার্ধেই ম্যাচ জয়ের পথে অনেকটা এগিয়ে যায় বিজেএমসি। ৩৭তম মিনিটে দলকে এগিয়ে দেওয়ার দুই মিনিট পর একক প্রচেষ্টায় বাঁ দিক থেকে প্লেসিং শটে দূরের পোস্ট দিয়ে ব্যবধান দ্বিগুণ করেন নাইজেরিয়ার এই ফরোয়ার্ড।

৪০তম মিনিটেই ফেনী সকারের ঘুরে দাঁড়ানোর সুযোগ নষ্ট হয়। ঘানার ফরোয়ার্ড এনটিম টুয়াম ফ্রাঙ্কের হেড পোস্টে লেগে প্রতিহত হয়। প্রথমার্ধের যোগ করা সময়ে সতীর্থের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে প্রতিপক্ষের এক ডিফেন্ডারকে কাটিয়ে হ্যাটট্রিক পূরণ করেন কিংসলে।

স্বাধীনতা কাপের চলতি আসরে এটি চতুর্থ হ্যাটট্রিক। এর আগে হ্যাটট্রিক করেছিলেন শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের ওয়েডসেন আনসেলমে, শেখ রাসেল ক্রীড়া চক্রের ফিকরু জেইদা ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের আহমেদ কোলো মুসা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই কিংসলের হাত ধরেই স্কোরলাইন ৪-০ করে নেয় বিজেএমসি। ৭২তম মিনিটে ডান দিক থেকে বাঁ পায়ের গতিময় শটে লক্ষ্যভেদ করে ফেনী সকারের হার নিশ্চিত করে দেন নাইজেরিয়ার এই ফরোয়ার্ড। এরপর কিংসলের আরেকটি শট পোস্টে লেগে ফেরে।

শেষ দিকে ইলিয়াসু লক্ষ্যভেদ করলে ৬-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বিজেএমসি। এই হারে জয়শূন্যভাবে স্বাধীনতা কাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিল ফেনী সকার। পাঁচ ম্যাচে দুই হার ও তিন ড্র লাডি বাবা লোলার দলের।