বড় জয়ে এগিয়ে গেল ইউভেন্তুস
পালের্মোকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে সেরি আতে নিজেদের শীর্ষস্থান আরও দৃঢ় করেছে ইউভেন্তুস।
নিজেদের মাঠে রোববার গত মৌসুমের চ্যাম্পিয়নদের জেতাতে গোল চারটি করেছেন দলের চার মিডফিল্ডার স্যামি খেদিরা, পল পগবা ও হুয়ান কুয়াদ্রাদো ও সিমোনে পাদোইন।
অবনমন অঞ্চলে থাকা পালের্মোর বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ইউভেন্তুস। এর ফলও দ্রুত পেয়ে যায় তারা; পগবার সহায়তায় দশম মিনিটে দলকে এগিয়ে দেন জার্মানির মিডফিল্ডার খেদিরা।
তবে দ্বিতীয় গোল পেতে ম্যাচের ৭১তম মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির দলকে। কর্নার থেকে মোরাতার হেড থেকে বল পেয়ে ব্যবধান দ্বিগুণ করেন ফরাসি মিডফিল্ডার পগবা।
এই জয়ে ৩৩ ম্যাচে ইউভেন্তুসের পয়েন্ট হলো ৭৯। গত শনিবার ইন্টার মিলানের কাছে ২-০ গোলে হেরে যাওয়া নাপোলি সমান ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। চতুর্থ স্থানে থাকা ইন্টারের পয়েন্ট ৬১।
রোববার অন্য ম্যাচে আতালান্তার মাঠ থেকে ৩-৩ গোলে ড্র করে ফিরে এএস রোমা।
২৭ মিনিটের মধ্যে দুটি গোল করেছিল রোমা। কিন্তু মার্কো বরিয়েল্লোর জোড়া গোলে ৩-২ গোলে এগিয়ে যায় আতালান্তা। ৮৫তম মিনিটে ফ্রান্সেসকো তত্তির গোলে সমতায় ফেরে রোমা।
এই ড্রয়ের পর ৩৩ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রোমা।
একই দিন নিজেদের মাঠে সাস্সুয়োলোকে ৩-১ গোলে হারানো ফিওরেন্তিনা ৫৯ পয়েন্ট নিয়ে আছে পঞ্চম স্থানে।
